অবরোধের দুপুরে গুলিস্তানে বাসে আগুন
বাসটি পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিএনপির চলমান অবরোধের মধ্যে ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়ায় বাসে আগুন দেওয়া হয়েছে।
রোববার দুপুরে ভিক্টর পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান।
তিনি বলেন, “ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি।”
‘সরকারের পতন’ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে অবরোধ পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিনে সংঘর্ষের পর থেকেই এই কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও বাসে আগুনের ঘটনা ঘটছে।
সবশেষ ঘোষণায় রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।
