বান্দরবানে ৯ দিনে ১ হাজার মিলি মিটার বৃষ্টিপাত
আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা কমবে বলে আভাস মিলেছে।
এবার শ্রাবণের শেষে এসে ভারি বর্ষণকে বর্ষার ‘পরিপূর্ণ রূপ’ হিসেবে দেখছে আবহাওয়া অধিদপ্তর। তার মধ্যে বান্দরবানের বৃষ্টি ছিল স্বাভাবিকের চেয়ে বেশি, যাতে তলিয়ে যায় এই জেলা শহর।
অগাস্টের শুরুতে গত এক সপ্তাহের মধ্যে বুধবার প্রথম রোদের দেখা পান বান্দরবান শহরবাসী। তার আগে নয় দিনে এই জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল হাজার মিলি মিটারের বেশি।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, চলতি মাসের শুরুতেই বান্দরবানে স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষণ হয়েছে। বুধবার সকাল ৬টা পর্যন্ত অগাস্টের নয় দিনে বান্দরবানে ১ হাজার ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বান্দরবানের পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটির বিভিন্ন এলাকা তলিয়েছে ভারি বর্ষণে।
গত নয় দিনে চট্টগ্রামে ৭২৭ মিলি মিটার, কক্সবাজারে ৪১১ মিলি মিটার ও রাঙামাটিতে ৬৬২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ৯৮ মিলিমিটার। এসময় বান্দরবানে ৪১ মিলি মিটার, চট্টগ্রামে ২৯ মিলি মিটার, কক্সবাজার ও রাঙামাটিতে ৫৬ মিলি মিটার বৃষ্টিপাত হয়।
বুধবার বিকালে রাজধানী ঢাকায় মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ঘণ্টা দুয়েকের মধ্যে ৩৭.৪ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এসময় নগরের বিভিন্ন নিচু এলাকায় সাময়িক জলজট এবং সড়কে যানজটের সৃষ্টি হয়।
অতি ভারি বর্ষণ না হলেও বৃষ্টিপাতের প্রবণতা আরও দু’দিন চলবে বলে আবহাওয়া অধিদপ্তরের আভাস।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, “বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে আজ (বুধবার) থেকে। শুক্র থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত কম থাকবে। এরপর বৃষ্টিপাত একটু বাড়তে পারে।”
আবহাওয়ার বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
