একসঙ্গে ২০২৩ প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে চালু হচ্ছে ১০ তলা লিডারশিপ ট্রেনিং সেন্টার।
গত অর্থবছরে নির্মাণ করা দুই হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন মঙ্গলবার একসঙ্গে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ তলা প্রধান কার্যালয়, কক্সবাজারের ১০ তলা লিডারশিপ ট্রেনিং সেন্টার এবং চারটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নবনির্মিত মাল্টিপারপাস অডিটোরিয়ামেরও উদ্বোধন করবেন সরকার প্রধান।
সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নবনির্মিত স্থাপনাগুলোর উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি সব জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
দেশের সব শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১ হাজার ৯২৮ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। এসব বিদ্যালয়ে ছয় লক্ষাধিক শিক্ষার্থী নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে।
নবনির্মিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার জন্য পৃথক ওয়াশ ব্লক নির্মিত হয়েছে, রয়েছে সুপেয় পানির ব্যবস্থা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ তলা প্রধান কার্যালয় ভবনটি প্রায় ১০৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর দপ্তর হিসেবে ব্যবহৃত হবে।
ভবনটির মাধ্যমে মাঠ পর্যায়ে চার লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে সেবা দেওয়া সম্ভব হবে। এর বেইজমেন্ট ও ক্যাম্পাসে ৪৪টি গাড়ি রাখার সুবিধা রয়েছে।
১ লাখ ১৪ হাজার বর্গফুট আয়তনের ১০ তলা বিশিষ্ট কক্সবাজারের লিডারশিপ ট্রেনিং সেন্টারটি নির্মিত হয়েছে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে। প্রতি ভবনে ১৬০ জন প্রশিক্ষণার্থীর (৮০ জন পুরুষ ও ৮০ জন নারী) আবাসনের সুব্যবস্থাসহ প্রশিক্ষণের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।
প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে সিলেট, বরিশাল, রংপুর ও যশোরে চারটি পিটিআইয়ে আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম নির্মিত হয়েছে। প্রতিটি অডিটোরিয়াম ৩৫০ আসনবিশিষ্ট।
প্রত্যেক পিটিআই প্রতি বছর ২ শতাধিক প্রশিক্ষণার্থী দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিয়ে থাকে। এছাড়াও সেখানে বিভিন্ন স্বল্পমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়।
