প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল অফিসার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
ভুয়া পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে হরিদাস কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে র্যাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যের প্রটোকল অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে হরিদাস চন্দ্র নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
সোমবার রাতে বনানী এলাকা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
“গ্রেপ্তার এই ব্যক্তি মূলত হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তিনি নিজেকে তাওহীদ পরিচয় দিয়ে প্রতারণা করতেন। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের প্রটোকল অফিসারের পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।"
একটি গোয়েন্দা সংস্থা ও র্যাবের যৌথ অভিযানে হরিদাসকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয় বলে জানান ওই কর্মকর্তা।
