আইন মন্ত্রণালয় সঠিক পথেই: আনিসুল হক
“আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগ যথেষ্ট কাজ করেছে। এর ফলে একটা ইতিবাচক প্রভাব পড়েছে,“ বলেন তিনি।
সুশাসন নিশ্চিত করতে গত ১৫ বছরে আইন মন্ত্রণালয়ের ‘অনেক অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, যিনি টানা তৃতীয় মেয়াদে সরকারের এ দপ্তরের দায়িত্ব পেয়েছেন।
রোববার সকালে নতুন মেয়াদে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগ যথেষ্ট কাজ করেছে। এর ফলে একটা ইতিবাচক প্রভাব পড়েছে।
“বহুদিন ধরে মামলা জট নিরসনের বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় গেল ১০-১৫ বছর আমাদেরকে এ ব্যাপারে চিন্তা-ভাবনা করতে হয়েছে। তবে আমরা মামলাজট নিরসনে সঠিক পথে এগোচ্ছি।”
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইনমন্ত্রী রোববার প্রথম সচিবালয়ে গেলে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্ব পালনকারী) মো. হাফিজ আহমেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা তাকে শুভেচ্ছা জানান।
এ সময় সবার সহযোগিতা চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আইনমন্ত্রী।
সংবিধানের ১১৮ অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে যে আইন করা হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে বলে দাবি করেন আনিসুল হক।
সাক্ষ্য আইন প্রসঙ্গে তিনি বলেন, “এ আইনে যে সংশোধন করা হয়েছে, নারীদের ইজ্জতের ব্যাপার ছিল সেখানে। এটি একটি বিরাট পদক্ষেপ। এভাবে সরকার অনেক আইন করেছে।”
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনের সময়ে সহিংসতা প্রায় ছিলই না। কোনো দেশের নির্বাচনের সময় অন্তর্কোন্দল যেটা হয়, ততটুকুই হয়েছে। এমন কোনো বড় ঘটনা ঘটেনি, যেটাকে ‘অনেক সহিংসতা’ বলা যায়।”
বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে ‘রাজনৈতিক কারণে’ কারাগারে যেতে হয়নি দাবি করে মন্ত্রী বলেন, “যাদের কারাগারে যেতে হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে হওয়া মামলা এখনো চলমান।”
মামলা হলে বিচার কাজ আদালত করে, সেখানে সরকারের কোনো হাত নেই মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, “২০০১ সালে বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় এসে সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে নির্যাতন-অত্যাচার করেছিল, ২০১৩ সালে যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলাগুলো ম্যাচিউরড হয়ে বিচারকার্য সম্পন্ন হয়েছে।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক যে বিবৃতি দিয়েছেন, তা ‘তথ্যগত ভুলের কারণে’ দিয়েছেন বলে মন্তব্য করে আইন মন্ত্রী।
আনিসুল হক বলেন, এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের সঙ্গে তিনি কথা বলবেন।
