২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মিলনের মৃত্যু: ট্রাকচালকের ছিল না ভারি গাড়ির লাইসেন্স

সোমবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং থেকে ওই ট্রাকটির চালক আহাদ মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 05:20 PM

Updated : 07 Aug 2023, 09:48 PM

গাজীপুরের সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনকে চাপা দেওয়া ড্রাম ট্রাকের চালককে গ্রেপ্তারের পর র‌্যাব বলছে, আগে পিকআপ চালালেও চালকের ভারি যানবাহন চালানোর লাইসেন্স নেই। 

তাছাড়ার ঘটনার সময় আট টন ধারণ ক্ষমতার ট্রাকটিতে ১৪ টন বালু ছিল বলেও সোমবার সংবাদ সম্মেলনে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

গত শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কোর্ট বাজালিয়া বাজারে বালুবোঝাই ড্রাম ট্রাকের চাপায় নিহত হন সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন (৫২)।             

ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যান। সোমবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং থেকে ওই ট্রাকটির চালক আহাদ মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব।

রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেল র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক আহাদ জানিয়েছেন, গত সাত বছর ধরে তিনি মাহিন্দ্রা, পিকআপসহ বিভিন্ন ধরণের গাড়ি চালান। তার মাঝারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর কোন লাইসেন্স ছিল না। 

“এছাড়া যে ড্রাম ট্রাকটি তিনি চালাচ্ছিলেন সেটির ধারণ ক্ষমতা আট টন, কিন্তু ওইদিন তাতে আনুমানিক ১৪ টন বালু বহন করা হচ্ছিল।”

পুরনো খবর:

গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ হারালেন সাংবাদিক মিলন

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দুর্ঘটনার পর কৌশলে আহাদ মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে কোর্ট বাজারে আসেন এবং অটোযোগে কালিগঞ্জে চলে যায়। পরে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় এক আত্মীয়র বাড়িতে আত্মগোপন করেন। সেখান থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করা হয়। 

দুর্ঘটনার পরদিন সাংবাদিক মিলনের স্ত্রী কাপাসিয়া থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন বলে জানানো হয় সংবাদ সবম্মেলনে।