২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ হারালেন সাংবাদিক মিলন

মোটরসাইকেল চালিয়ে গাজীপুর শহর থেকে কাপাসিয়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন মিলন।

গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ হারালেন সাংবাদিক মিলন

নিহত মঞ্জুর হোসেন মিলন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 06:18 PM

Updated : 04 Aug 2023, 09:19 PM

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার কোট বাজালিয়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফর কবীর জানান।

নিহত মঞ্জুর হোসেন মিলন (৫২) উপজেলার পাবুর গ্রামের আব্দুস সাঈদ শেখের ছেলে। তিনি গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক গাজীপুর দর্পণের সম্পাদক ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি লুৎফর বলেন, সকালে মিলন নিজের মোটরসাইকেল চালিয়ে গাজীপুর শহর থেকে কাপাসিয়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

“সোয়া ১০টার দিকে ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের চৌরাস্তায় পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি বালুভর্তি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মিলন মারা যান।”

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর চালক পালিয়ে গেলেও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি লুৎফর।

নিহতের পরিবারের বরাতে কাপাসিয়ার সাপ্তাহিক শীতলক্ষ্যা পত্রিকার নির্বাহী সম্পাদক এসএম শফিউদ্দিন জিন্নাহ বলেন, মিলন পরিবার নিয়ে গাজীপুর শহরে বসবাস করতেন। দুই সন্তানের মধ্যে মিলনের বড় মেয়ে ইকরা এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। আর দ্বিতীয় মেয়েটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।

এ দিকে সাংবাদিক মিলনের মৃত্যুতে শোক জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম ও সাংবাদিকরা।