গাজীপুরে ময়লার স্তূপে ‘কৌটা’ বিস্ফোরণ, ক্ষত-বিক্ষত ব্যবসায়ীর আঙ্গুল
দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রশ্রাব করতে গিয়ে একটি স্কচট্যাপ পেঁচানো কৌটা দেখতে পান নুর মোহাম্মদ।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া ককটেলসদৃশ একটি কৌটা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের কয়েকটি আঙুলের মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান।
আহত নুর মোহাম্মদ (৪৫) ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত ব্যক্তির বরাতে পুলিশ জানায়, দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রশ্রাব করতে গিয়ে একটি স্কচট্যাপ পেঁচানো কৌটা দেখতে পান নুর মোহাম্মদ। সেটি হাতে নিয়ে স্কচট্যাপ খোলার চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কৌটার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ময়লার স্তূপে বস্তুটি কোথা থেকে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
