২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়-বৃষ্টি হলেও ঈদগাহের প্রধান জামাতে সমস্যা হবে না: তাপস

মেয়র তাপস বলেন, “আসন্ন ঈদুল আজহায় আমরা প্রতিকূল আবহাওয়া আশঙ্কা করছি। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানতে পেয়েছি যে, ঝড়-বৃষ্টি হতে পারে, ঝড়ের আশঙ্কা রয়েছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 03:03 PM

Updated : 27 Jun 2023, 05:24 PM

রাজধানীতে কোরবানির ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, নামাজের সময় ঝড় বৃষ্টি হলেও যাতে সমস্যা না হয় সে ব্যবস্থা নিয়েছে করপোরেশন।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আসন্ন ঈদুল আজহার উপলক্ষে সবাই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই এবং সকলকেই আমি আমন্ত্রণ করব যেন জাতীয় ঈদগাহে এসে ঢাকাবাসী এই ঈদের জামাতে অংশ গ্রহণ করেন।

“এটি আমাদের বড় উদযাপন... ঈদের জামাত। সবাই যাতে স্বচ্ছন্দে জামাতে অংশগ্রহণ করতে পারেন, সেই আয়োজন আমরা শেষ করে ফেলেছি।”

মেয়র বলেন, প্রায় ৩৫ হাজার মানুষের একসঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে ঈদগাহে। সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে সবাই ঈদ জামাতে অংশ নিতে পারবেন বলেই তার বিশ্বাস।

দেশে কোরবানির ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র তাপস।

দক্ষিণ সিটি করপোরেশন আগেই জানিয়ে দিয়েছিল, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদগাহের বদলে আধাঘণ্টা পিছিয়ে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে।

মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও নেওয়া হয়েছে ইতোমধ্যে।

এবার ঈদের দিনটি পড়েছে আষাঢ়ের ঠিক মাঝামাঝি সময়ে। আর গত কয়েকদিন ধরেই ঢাকা বৃষ্টি ঝরছে। আবহাওযার গতিক জেনে ঈদের নামাজের সময় বিরূপ আবহাওয়া শঙ্কা করছেন তাপস।

তিনি বলেন, “আসন্ন ঈদুল আজহায় আমরা প্রতিকূল আবহাওয়া আশঙ্কা করছি। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানতে পেরেছি যে, ঝড়-বৃষ্টি হতে পারে, ঝড়ের আশঙ্কা রয়েছে।”

তাহলে ঈদগাহে প্রধান জামাত করা সম্ভব হবে কী না প্রশ্নে তাপস বলেন, “সেই প্রেক্ষিতে কোনো রকম যেন কোনো সমস্যা না হয় এজন্যই আজকে আমাদের এই পরিদর্শন। এই পরিদর্শনে যেটুকু সমস্যা রয়েছে সেগুলো সংশোধনের জন্য নির্দেশনা আমরা দিয়েছি ।

“ঝড় হলেও যেন মুসল্লিরা সুষ্ঠুভাবে জামাতে অংশগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। কোথাও কোনোভাবে পানি না পড়ে এবং পানি পড়ার যেটা জায়গা সেখান থেকে যাতে জলাবদ্ধতা না হয় সেদিকেও আমরা প্রস্তুতি নিয়েছি, সকল কার্যক্রম নিয়েছি।”

নিরাপত্তা নিয়ে মেয়র বলেন, “আমরা কোনো নাশকতামূলক কিছু আশঙ্কা করছি না। তারপরেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারাও এই ঈদগাহ পরিদর্শন করবেন এবং সামগ্রিক নিরবিচ্ছিন্ন নিশ্ছিদ্র যে নিরাপত্তার ব্যবস্থা, সেটার কার্যক্রম নিচ্ছে।”

ঈদগাহ ময়দানে ক্লোজড সার্কিট ক্যামেরা বসিয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, “আমরা মনে করি, খুব শান্তিপূর্ণভাবে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।”

জামাতের অন্যান্য প্রস্তুতিও নেওয়া হয়েছে জানিয়ে তাপস বলেন, ঈদগাহে প্যান্ডেল করা হয়েছে, ‘ঈদ মোবারক’ লেখা ব্যানারও রয়েছে। আর প্যান্ডেলের নিচে কার্পেট বিছানোর পাশাপাশি সিলিং ফ্যান, লাইট ও মাইকের ব্যবস্থা করা হয়েছে।

ঈদগাহ প্রাঙ্গনে মুসল্লিদের অজুর ব্যবস্থা করার পাশাপাশি, স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং পুলিশ ও র‌্যাবের কন্টোল রুমও স্থাপন করা হয়েছে।