১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইসির শুনানি: চতুর্থ দিন প্রথম তিন ঘণ্টায় প্রার্থিতা ফিরে পেলেন ২৪ জন

গত চারদিনে মোট ১৯২ জন প্রার্থী আপিলে জিতে মনোনয়নপ্রত্র ফিরে পেলেন।

ইসির শুনানি: চতুর্থ দিন প্রথম তিন ঘণ্টায় প্রার্থিতা ফিরে পেলেন ২৪ জন

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 03:00 PM

Updated : 13 Dec 2023, 03:00 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিনের প্রথম ভাগে ২৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। 

বুধবার সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে চতুর্থ দিনের শুনানি শুরু হয়।

দুপুর ১টা পর্যন্ত শুনানির প্রথম ভাগে ৫৯টি আপিল আবেদনের ওপর শুনানি হয়। এর মধ্যে বাতিল হয়েছে ৩২ জনের মনোনয়নপত্র। আর স্থগিত রাখা হয়েছে ১টি।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মধ্যে রয়েছেন যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুল। খেলাপি ঋণ থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়।

এছাড়া কুমিল্লা-৯ আসনে জাসদের প্রার্থী মনিরুল আনোয়ারের আদেশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।

বুধবার ৩০১-৪০০ নম্বর আপিলের শুনানি চলছে। বিকালে দ্বিতীয় ভাগের শুনানিতে আরও ৪০টি আপিল শুনানি করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

মনোনয়নপত্রের বৈধতার পক্ষে-বিপক্ষের ৫৬১টি আপিল আবেদনের ওপর রোববার শুরু হওয়া এই শুনানি চলবে শুক্রবার পর্যন্ত।

এর আগে তিনদিনে মোট ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুনানি শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে ইসি। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন। 

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট হবে ৭ জানুয়ারি।