তৌফিক ইমরোজ খালিদীকে শ্রদ্ধা রাষ্ট্রপতির
বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন সাংবাদিক খালিদী।
বাংলাদেশে ডিজিটাল সংবাদমাধ্যমের পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুর আড়াইটায় বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদকের মরদেহ রাখা হয়।
সেখানে রাষ্ট্রপতির তরফে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম। তিনি রাষ্ট্রপ্রধানের তরফে শোকবইয়ে সইও করেন।
সাংবাদিক খালিদীকে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানান তার বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা।
বিকাল সাড়ে ৩টার দিকে সেখানে প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তৌফিক ইমরোজ খালিদীর কফিন ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।
বাংলাদেশে কফিন আসার আগে গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে খালিদীর জানাজা হয়। সেখানে সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
