০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, সমাহিত হবেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে

সবার শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত কফিন রাখা হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে, সেখানেই হবে জানাজা।

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, সমাহিত হবেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে

তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 02:39 PM

Updated : 09 Oct 2026, 02:39 PM

বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার পুরোধা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে।

লন্ডন থেকে শনিবার সকালে দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ। পরে কফিন নেওয়া হবে তার বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবার তাকে দেখবেন।

বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বেলা ৩টায় সেখানেই তার জানাজা হবে।

পরে বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে খালিদীর জানাজা হয়। সেখানে সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

তৌফিক ইমরোজ খালিদীর পরিবারের পক্ষ থেকে তার ছেলে, বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তিনি বলেন, পেশাগত জীবনে আব্বার কিছু আদর্শ ছিল, যেগুলোর সঙ্গে তিনি কখনও আপস করতে চাননি। তিনি বিশ্বাস করতেন সাংবাদিকতা হওয়া উচিত সৎ, নির্ভীক এবং স্বাধীন। তার কাছে সাংবাদিকতা শুধু একটি পেশা ছিল না, এটা ছিল দায়িত্ব এবং প্যাশনের জায়গা।

“এই দায়িত্ব পালনের মাঝে তাকে জীবনে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখানে উপস্থিত অনেকেই সেই অস্থির এবং কঠিন সময়গুলোতে তার পাশে ছিলেন। আমাদের পরিবার আপনাদের সেই ভালোবাসা, সাহস এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ।”

রাদ বলেন, “আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন, তার সকল ভালো কাজ কবুল করে নেন।”