২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্থানীয়রা অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে না যাওয়ায় তাকে মারধর করা হয়।

মিরপুরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 09:43 AM

Updated : 13 Jun 2023, 09:43 AM

রাজধানীর মিরপুরে এক ভাসমান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মো. মনির মিরপুর ফলপট্টি সড়কে ঠেলাগাড়িতে খাবার বিক্রি করতেন। তার সহকর্মীরা অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে না যাওয়ায় তাকে মারধর করা হয়।

মিরপুর থানার ওসি মো. মহসিন বলছেন, তারা শুনেছেন, মনিরকে কেউ একজন ঘুষি মারলে তিনি অসুস্থ হয়ে পড়ে মারা যান।

মিছিলে না যাওয়ার কারণে তাকে মারধর করা হয়েছে বলে যে অভিযোগ, সে প্রসঙ্গে ওসি বলেন, “আমরাও শুনেছি মিছিলে না যাওয়ার কারণে এই ঝামেলাটা হয়েছে। তবে তার পাশের দোকানদারের সঙ্গে পুলিশ কথা বলেছে, তিনি এরকম কিছু বলেননি। ঘটনা যাই ঘটুক, পুলিশ তদন্ত করছে, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহের চেষ্টা চলছে।”

ওই এলাকার একজন ব্যবসায়ী জানান, মনির একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে নিয়মিত যেতেন। সম্প্রতি একটি কর্মসূচিতে তিনি না যাওয়ায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেই দলের স্থানীয় কয়েকজন নেতাকর্মী মনিরকে মারধর করেন। পরে দোকানদাররা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।