২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ঘন কুয়াশার মধ্যে উল্টে গেল পিকআপ

আহতরা বলছেন, সড়কে কোনো গর্ত কিংবা স্পিডব্রেকার দেখে চালক হঠাৎ ব্রেক কষলে পিকআপটি উল্টে যায়।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 12:07 PM

Updated : 10 Jan 2024, 12:07 PM

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ঘন কুয়াশার মধ্যে সড়কে একটি পিকআপ উল্টে ১০ শ্রমিক আহত হয়েছেন।

হানিফ ফ্লাইওভারের ঢালের কাছে বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার এসআই মেহেদী হাসান জানান।

আহতরা হলেন- মো. ইউসুফ, রাসেল হোসেন, রায়হান তালুকদার, মো. কাওছার, মো. আকাশ, মো. আলিম, নুরুল ইসলাম, রাজু আহমেদ, মো. রাজন ও আব্দুল হাকিম। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকিরা ভালো আছেন।

শ্রমিকরা জানান, ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় এস কে মেশিনারিজের গুদাম থেকে তারা যন্ত্রপাতি পিকআপে করে ঢাকার নবাবপুরের আরেকটি গুদামে নিয়ে যাচ্ছিলেন। পিকআপটি কাজলা এলাকায় হানিফ ফ্লাইওভারের ঢালের কাছে পৌঁছালে সেখানে কোনো গর্ত কিংবা স্পিডব্রেকার দেখে চালক হঠাৎ ব্রেক করেন। সঙ্গে সঙ্গে পিকআপটি কাত হয়ে উল্টে যায়।

দুর্ঘটনাস্থল এলাকায় ঘন কুয়াশার কারণে চালক সড়কে ঠিকমত কিছু দেখতে পারেননি বলে জানান আহতরা।