সেলিনা শেলীর বরখাস্তের আদেশ প্রত্যাহার দাবি
এই শিক্ষকের বিরুদ্ধে ‘অপতৎপরতা’ বন্ধ করে তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
শিক্ষক ও কবি সেলিনা শেলীর বিরুদ্ধে ‘অপপ্রচার’ এবং চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্তের নিন্দা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।
বুধবার পৃথক বিবৃতিতে দুই সংগঠন এই শিক্ষকের বিরুদ্ধে ‘অপতৎপরতা’ বন্ধ করে তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে।
ফেইসবুকে একটি ‘ফান পোস্টে’ সেলিনা শেলীর এক মন্তব্যের পর চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকাম এই শিক্ষকের কুশপুত্তলিকা দাহের নিন্দা জানিয়েছেন।
“সেলিনা শেলী কর্তৃক ফেইসবুকে প্রদত্ত বক্তব্য প্রত্যাহার এবং দুঃখ প্রকাশের পরও এ বিষয়টিকে নিয়ে মাঠ ঘোলা করার পেছনে কারো কারো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে আশংকা করা হচ্ছে।“
অসৎ উদ্দেশ্যপূর্ণ যে কোনো অপপ্রচারর বিরুদ্ধে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয় জোটের বিবৃতিতে।
পৃথক বিবৃতিতে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এবং সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ বলেছেন, কবি সেলিনা শেলি ফেইসবুকে ওই বক্তব্য প্রত্যাহার এবং দুঃখ প্রকাশ করার পরও একটি গোষ্ঠী এই নিয়ে জল ঘোলা করে যাচ্ছে।
এই সংগঠনের পক্ষ থেকেও সেলিনা শেলির বিরুদ্ধে ‘অপতৎপরতা’ বন্ধ করে তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়।
সেলিনা আক্তার শেলী শিক্ষকতার পাশাপাশি নিয়মিত কবিতা লেখেন। চট্টগ্রামসহ সারাদেশে তিনি কবি সেলিনা শেলী হিসেবেও পরিচিত। সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মমিনুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বরখাস্তের বিষয়টি জানানো হয়।
বন্দর কর্তৃপক্ষের নোটিসে বলা হয়, “ফেইসবুকে পবিত্র রমজান মাসের আরবি উচ্চারণ ‘রামাদান’কে কটাক্ষ করে ফেইসবুকে পোস্ট দিয়েছেন। তার প্রেক্ষিতে অসংখ্য মানুষ আপনার পোস্টের মন্তব্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানায়।
“আপনার পোস্টে আঘাত লাগায় মুসলিম জনগোষ্ঠীর ভেতরে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে এবং বন্দর এলাকায় এর প্রতিবাদে মিছিল সমাবেশ আয়োজনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার সম্ভাবনা দেখা দিয়েছে। সাম্প্রদায়িক উসকানিসহ সরকারকে অস্থিতিশীল ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলার পরিস্থিতি তৈরি হয়েছে।”
ওই বরখাস্তের আদেশে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বিভাগীয় মামলা করার কথাও বলা হয়।
