লন্ডনে নাহিদের অনুষ্ঠানে ‘হামলা’: বিচার চেয়ে বিবৃতি সাবেক ১৪ উপদেষ্টার
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতারও নিন্দা জানান তারা।
লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ‘হামলার’ পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত চেয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ১৪ উপদেষ্টা।
‘হামলায়’ জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের সন্ত্রাসবিরোধী আইনসহ ব্রিটিশ আইনে বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বুধবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানান তারা। এসব ঘটনার জন্য ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়ি করেন বিবৃতিদাতারা।
বিবৃতিদাতা সাবেক উপদেষ্টারা হলেন- সালেহউদ্দিন আহমেদ, এম ফাওজুল কবির খান, সি আর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমীন মুরশিদ, শেখ বশিরউদ্দীন, আ ফ ম খালিদ হোসেন, মোস্তফা সরয়ার ফারুকী, নূরজাহান বেগম ও রিজওয়ানা হাসান।
বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে হামলাকারীরা নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের গুরুতর আহত করার চেষ্টা করে। ওই হামলায় নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ৬ ব্রিটিশ নাগরিক আহত হন। তাদের কয়েকজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়।
বিদেশের মাটিতে এই ‘হামলাকে’ সীমান্ত পেরিয়ে সন্ত্রাস সৃষ্টি ও অস্থিতিশীলতা তৈরির সমন্বিত অভিযানের অংশ হিসেবেও বর্ণনা করেন সাবেক উপদেষ্টারা।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠীর অনুগতরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচিত সরকার ও জুলাই বিপ্লবের শক্তিগুলোকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে থানা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েছেন।
এর মধ্যে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও সরকারদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির কথা উল্লেখ করা হয়। সাধারণ মানুষের ওপর হামলা, বেসামরিক স্থাপনায় বোমা হামলা ও গণপরিবহনে অগ্নিসংযোগে প্রাণহানি ঘটেছে বলেও তারা অভিযোগ করেন।
তারা আরও দাবি করেন, গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে অচল করার উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংকের তিন ডজনের বেশি শাখায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে।
বিদেশে বাংলাদেশি নাগরিক ও নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কূটনৈতিক পদক্ষেপ নিতেও পরামর্শ দিয়েছেন বিবৃতিদাতারা। এর অংশ হিসেবে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
পলাতক ব্যক্তিরা যাতে যুক্তরাজ্যকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে সহিংসতা করতে ও তাতে সহায়তা দিতে বা তা চালিয়ে যেতে না পারে সে ব্যবস্থা নিতেও বলেছেন তারা।
দেশে চলমান অগ্নিসংযোগ, বোমা হামলা ও নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো হামলা ঠেকাতে বাংলাদেশ সরকারের কাছে আইনি পদক্ষেপ চেয়েছেন বিবৃতিদাতারা। জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক শাসকগোষ্ঠীর নেতাদের বিচার দ্রুত শেষ করারও দাবি তাদের।
