১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে রেলে নাশকতা: ‘হোতা’সহ দুজনকে গ্রেপ্তারের খবর

গ্রেপ্তারদের কাছ থেকে রেললাইন কাটার সরঞ্জাম উদ্ধারের কথা বলেছে ডিএমপির বার্তায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 01:58 AM

Updated : 25 Dec 2023, 01:59 AM

গাজীপুরে রেললাইন কেটে মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার ‘হোতা’সহ দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

রোববার মধ্যরাতে ডিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কে এন রায় নিয়তি এক বার্তায় এ তথ্য জানান। 

তবে গ্রেপ্তারদের নাম পরিচয় ও কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য জানানো হয়নি। সোমবার তাদের বিষয়ে বিস্তারিত জানাবে ডিএমপি।

গ্রেপ্তার দুইজনের কাছ থেকে কাটারসহ রেললাইন কাটার সরঞ্জাম উদ্ধারের কথাও বলা হয়েছে বার্তায়।

এর আগে এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশ বিএনপির এক কাউন্সিলর ও ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেফতারের কথা জানায়। 

নাশকতায় বিএনপির ওই কাউন্সিলর অর্থ সরবরাহকারী ও পরিকল্পনাকারী ছিলেন বলে তখন জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম। তাদের কাছ থেকেও নাশকতায় ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধারের কথা জানানো হয়েছিল।

গাজীপুরের শ্রীপুরে বনখুরিয়া এলাকায় গত ১৩ ডিসেম্বর ভোরে রেললাইনের পাত কেটে ফেলায় মোহনগঞ্জে এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগি ছিটকে পড়ে একজন নিহত ও কয়েকজন আহত হয়। 

পুরানো খবর:

দেশ-বিদেশে মিডিয়া কভারেজের জন্যই রেলে নাশকতা: পুলিশ

ছয় দিনের মাথায় একই ট্রেন আবার ঢাকায় আগুন নাশকতার শিকার হয়। ১৯ ডিসেম্বর ভোরে ঢাকায় ঢোকার মুখে ট্রেনটিতে আগুন লাগানো হয়। এতে পুড়ে শিশুকে নিয়ে মাসহ চারজন নিহত হন। ট্রেনটির তিনটি কামরা পুড়ে যায়।

ডিএমপির বার্তায় বলা হয়েছে, মোহনগঞ্জ এক্সপ্রেসের ‘নাশকতাকারী মূলহোতাসহ দুজনকে’ গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপ। সোমবার সকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন এ ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।