২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রীতির ডাকে ঈদ উদযাপন

সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কল্যাণ কামনার সঙ্গে দেশে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে ঈদ উদযাপন হয়েছে বাংলাদেশে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 11:32 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

পুরনো খবর:

ঈদের শিক্ষায় ঘুচে যাক ছোট-বড়র ব্যবধান: রাষ্ট্রপতি
আনন্দের ঈদে বৃষ্টি বিড়ম্বনা
মুসলিম উম্মাহর শান্তি কামনা শোলাকিয়ায়
যুক্তরাষ্ট্রে ঈদ উৎসবে ‘বাংলাদেশি আমেজ’

শনিবার ঈদুল ফিতরে মুসলিম সম্প্রদায়ের উৎসবের দিনে হিন্দু সম্প্রদায়ের রথের শোভাযাত্রাও হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে।

দুটি ধর্মের দুই অনুষ্ঠানই নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে দেশটিতে, সম্প্রদায়গত বিভেদ থেকে বেরিয়ে আসার লক্ষ্য স্থির করে যে দেশটি পাকিস্তান থেকে আলাদা হয়েছিল চার দশক আগে।

ঈদুল ফিতরে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বাণীতে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এই শক্তির দিকটিই তুলে আনেন।

“বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানই উৎসবমুখর হয়ে ওঠে।”

বহু কাল ধরে এই ভূখণ্ডে একসাথে বসবাসরত মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বিভিন্ন উৎসব সামাজিক অনুষ্ঠানে রূপ পেয়েছে। তাই ঈদ যেমন হয়ে উঠে সবার আনন্দ উদযাপনের উপলক্ষ, তেমনি দুর্গাপূজাও।

ঈদে সম্প্রীতির সেই শিক্ষাও বাংলাদেশবাসীকে স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ- “ঈদুল ফিতরের শিক্ষা ও ঈদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক-এ প্রার্থনা করি। ”

“ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে,” একই সুর ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণীতেও।

এক মাস রোজা শেষে শুক্রবার সন্ধ্যার পর শাওয়ালের চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের শেষ প্রস্তুতি।

তবে শেষ রাত থেকে বৃষ্টি যে চোখ রাঙানি দিচ্ছিল, তা উৎসবের বর্ণিল রঙ মিলিয়ে দিতে না পারলেও কিছুটা ফ্যাকাশে করেছে।  

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই শনিবার সকালে দেশের কোটি কোটি মুসলমান অসংখ্য স্থানে ঈদগাহে কিংবা মসজিদে নামাজ পড়তে জড়ো হন।

বরাবরের মতোই বাংলাদেশের প্রধান ঈদ জামাতটি হয় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতিসহ গুরুত্বপূর্ণ অনেকে এই জামাতে অংশ নেন।

ভেজা প্রবেশপথসহ প্যান্ডেলের বাইরে যেখানেই একটু শুকনা জায়গা পেয়েছেন, সে সব জায়গায় নামাজে দাঁড়িয়েছিলেন অনেক ব্যক্তি।

Image
জাতীয় ঈদগাহে ঈদের জামাত

জাতীয় ঈদগাহে ঈদের জামাত

Image
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নামাজ আদায়

বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নামাজ আদায়

গত ১১ বছর ধরে সেখানে ঈদের নামাজ পড়ে আসা রাহিমুল ইসলাম নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এইবারও মিস করতে চাই নাই। তাই ভেজা রাস্তায়ই জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাই।”

কেউ কেউ আবার বৃষ্টির কারণে ঈদগাহে নামাজ পড়তে পারেননি। তারা চলে যান বায়তুল মোকাররমে। সেখানে কয়েকটি জামাত হয়।

ছেলে ইমরান জাকির কালফিকে নিয়ে মিরপুরের বাসা থেকে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাবিবুর রহমান খান। বৃষ্টি ঝরতে থাকায় রাস্তায় দাঁড়াতে না পেরে যাত্রা করেন বায়তুল মোকাররমের পথে।

বৃষ্টির মাঝেও বিভিন্ন বাহিনীর সদস্যদের ছাতা মাথায় বা ছাতাহীনভাবে কাজ করতে দেখা গেছে জাতীয় ঈদগাহের নিরাপত্তায়।

আইন-শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ঈদের আগে-পরে কেনা-কাটাসহ সব নির্বিঘ্ন করার জন্য তাদের ধন্যবাদও দিয়েছেন তিনি।

প্রতিবারের মতো এবারও সকাল ১০টায় দেশের বৃহত্তম ঈদ জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। দূর-দূরান্ত থেকে মানুষের আসার সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।

ঈদের নামাজের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ সকাল ১০টা থেকে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Image
বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

Image
গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা

গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা

এদিন প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনের দুয়ার খোলা ছিল সবার জন্য। সপরিবারে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এবারের ঈদ নিয়ে স্বস্তি প্রকাশ করে শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, অর্থনৈতিক উন্নয়নের কারণে দেশবাসীর হাতে এবার টাকা থাকায় মানুষ কেনা-কাটা করতে পেরেছে, তেমনি আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা পোহাতে হয়নি মানুষকে।

প্রতিবারই ঈদ করতে গ্রামে স্বজনদের কাছে ছুটে যান যান নগরবাসী অনেকে, তাদের যাত্রা নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে সেজন্য সড়ক ও রেলমন্ত্রীর কাজের প্রশংসাও করেন সরকার প্রধান।

তবে ঈদের দিন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সরকারের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যসহ সার্বিক অবস্থা নিয়ে সরকার সন্তুষ্ট হলেও তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভালো নেই।

Image
রাজধানীতে রথযাত্রার শোভাযাত্রা

রাজধানীতে রথযাত্রার শোভাযাত্রা

দুপুর নাগাদ ঈদের নামাজ যখন সবখানেই প্রায় শেষ, তখন রাজধানীসহ বিভিন্ন স্থানে বের হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শোভাযাত্রা।    

সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব শনিবার শুরু হয়েছে, আগামী ২৬ জুলাই উল্টোরথের মধ্য দিয়ে শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে দুপুরে স্বামীবাগ ইসকন আশ্রমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

আলোচনা সভা শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন।

পরে ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ বিশাল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি রাজধানীর টিকাটুলি, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা হয়ে পুরানা পল্টন, প্রেসক্লাব দিয়ে দোয়েল চত্বর ঘুরে টিএসসি ও জগন্নাথ হলের সামনে দিয়ে পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়।

Image
ঈদের দিন বিকালে বঙ্গভবনে ভিড় থাকলেও তা ছিল অন্য বারের তুলনায় কম

ঈদের দিন বিকালে বঙ্গভবনে ভিড় থাকলেও তা ছিল অন্য বারের তুলনায় কম

এদিকে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই ঈদের এই ছুটিতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় বাড়তে থাকে একটু একটু করে।  

সবচেয়ে বেশি ভিড় দেখা যায় শিশু পার্কগুলোতে, তবে বৃষ্টির কারণে তা ছিল অন্য বারের চেয়ে কম। বৃষ্টির বাগড়ায় উন্মুক্ত স্থানে ঘুরতে না পেরে সপরিবারের অনেকে প্রেক্ষাগৃহগুলোতে সিনেমা দেখতেও যান।    

ঈদ উপলক্ষে শনিবার হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশনগুলো ঈদের আগে-পরে কয়েক দিন ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রগুলো শুক্রবার প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।

খেলার কারণে এবার চট্টগ্রামে ঈদ করেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। ঈদের নামাজ শেষে দেশবাসীর কাছে দলের সাফল্য চেয়ে দোয়াও চেয়েছেন তারা।