আনন্দের ঈদে বৃষ্টি বিড়ম্বনা
ঈদ মানেই আনন্দ; সেই আনন্দ-উৎসবে বৃষ্টি কিছুটা বিড়ম্বনায় ফেললেও উদযাপনে বাধ সাধতে পারেনি রাজধানীবাসীকে।
শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই দলে দলে মানুষ রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ছোটেন ঈদের নামাজ আদায় করতে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত হয় সকাল ৭টায়। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়।
চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরীর ইমামতিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি পেশার নানা বয়সী মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন।
মন্ত্রীদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিয়ার রহমান জামাতে শরিক হন। রাষ্ট্রপতি ৮টা ২০ মিনিটের দিকে ঈদগাহে পৌঁছান। পৌঁছান তিনি সবাইকে ঈদ মোবারক জানান, যা মাইকে ঘোষণাও করে দেন ইমাম।
ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠে সমবেত মুসল্লিরা
ঈদ জামাত শেষে জাতীয় ঈদগাহ থেকে বেরোচ্ছেন মুসল্লিরা
জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকোলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।
আলোচনায় জালালুদ্দিন বলেন, “আমাদের পূর্ব জামানায় বহু মানুষ পশু-পাখির জীবন বাঁচিয়ে, তাদের প্রতি দয়া করে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিলেন। এই জন্য রাসুল (স.) বারবার জীবে দয়ার কথা বলেছেন। পশুর প্রতি আচরণে এ ধরনের সতর্কবাণী থাকলে মানুষের প্রতি দয়ায় কী ধরণের যত্ন আমাদেরকে নিতে হবে সেটাই বোঝা যায়।
“সেখানে একটা ভালো মানুষকে পুড়িয়ে হত্যা করা, এটা কত বড় পাপ সেটা ভাষায় বোঝানো সম্ভব না। এর মাধ্যমে ভালোবাসার ইসলামকে জঙ্গিবাদের ইসলামে পরিণত করেছে। ধর্ম এই সব কাজে কোনোভাবেই অনুমোদন দেয় না।”
আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, ঈদের দিনে বৃষ্টি হতে পারে। আগে থেকেই প্রস্তুতি থাকায় জাতীয় ইদগাহে নামাজ আদায়ে তেমন সমস্যা হয়নি। তবে ঈদগাহ ময়দানের কিছু কিছু জায়গায় পানি জমে থাকায় সে সব এলাকা এড়িয়ে জামাতে দাঁড়ান মুসল্লিরা।
হালকা বৃষ্টির মাঝেই বাসা থেকে নিয়ে আসা জায়নামাজে রাস্তায় দাঁড়িয়ে ঈদ জামাতে যোগ দেন শতাধিক মুসল্লি। এছাড়া ভেজা প্রবেশপথসহ প্যান্ডেলের বাইরে যেখানেই একটু শুকনা জায়গা পেয়েছেন, সে সব জায়গায় নামাজে দাঁড়িয়েছেন অনেক ব্যক্তি।
এদেরই একজন রাহিমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ বছর দুই ঈদের জামাত এখানে পড়েছেন তিনি।
“এইবার এসে মিস করতে চাই নাই। তাই ভেজা রাস্তায়ই জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাই।”
মিডফোর্ডের মেডিসিন ব্যবসায়ী খন্দকার ফরহাদ হোসেন বলেন, রোজার ঈদ ঢাকাতেই থাকেন তিনি।
“গত ১৪ বছর আমি এখানে নামাজ পড়তে আসি। এবারও এসেছি। বৃষ্টি আটকাতে পারেনি।”
সকাল ৭টা ৫৫ মিনিটে ধোলাইপাড়ের বাসা থেকে বের হয়ে অটোরিকশায় করে ৮টা ১০ মিনিটের মধ্যে জাতীয় ঈদগাহে পৌঁছে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জাতীয় ঈদগাহ মাঠের সামনের রাস্তায় দাঁড়িয়ে মোনাজাত
সকালে বায়তুল মোকাররম মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাতে মুসল্লিরা।
তখনও বৃষ্টি ঝরতে থাকায় রাস্তায়ও দাঁড়াতে পারেননি। তারা যাত্রা করেন বায়তুল মোকাররমের পথে।
ঢাকা মেডিকেল কোয়ার্টার থেকে এসেও নামাজ পাননি ত্রিশোর্ধ্ব মো. হাসান।
“মনে করেছি, বৃষ্টির কারণে দেরি করবে। কিন্ত এসে দেখি, সাড়ে ৮টায়ই ঈদ জামাত শুরু হয়ে গেছে।”
বৃষ্টির মাঝেও বিভিন্ন বাহিনীর সদস্যদের ছাতা মাথায় বা ছাতাহীনভাবে কাজ করতে দেখা গেছে।
এত কিছুর মাঝেও ছিল ঈদের আমেজ। বৃষ্টি-কাদার মাঝে ঈদের নামাজের পর কোলাকুলিও চলেছে ঈদগাহ ময়দানে। আনন্দে উদ্বেলিত হতে দেখা গেছে ছোট ছোট শিশুদের।
ঈদগাহের পাশে বসেছে বেলুনের পসরা, সেখান থেকে বেলুন নিয়ে বাসার দিকে যাত্রা করতে দেখা গেছে অনেককে।
এদেরই একজন নওয়াবপুর বড় মসজিদ এলাকার শিশু তসিব হাসান রাতুল। বাবা জসীমউদ্দীন হাসানের সঙ্গে ঈদের নামাজ পড়তে ঈদগাহে আসে সে।
নামাজের পর রাতুল বলে, “আসতে কষ্ট হয়েছে, নামাজ পড়তেও কষ্ট হয়েছে। তবে আগামী বছরও আসতে চাই।”
বন্ধুদের মধ্যে একমাত্র সেই এসেছে জানানোর সময় তার চোখে মুখে তৃপ্তির ঝিলিক দেখা যায়।
