২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ঈদ উৎসবে ‘বাংলাদেশি আমেজ’

যুক্তরাষ্ট্রে শুক্রবার উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 10:11 AM

Updated : 12 Oct 2022, 04:02 PM

এদিন আবহাওয়া ছিল খুবই চমৎকার; না গরম, না ঠাণ্ডা। কোথাও বৃষ্টি পড়েনি।

বাংলাদেশি স্টাইলে পাঞ্জাবি-পায়জামা এবং সেলোয়ার-কামিজ ও শাড়ি পরে নারী-পুরুষ ও শিশুরা ঈদ জামাতে অংশ নেন।

নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় ঈদের আমেজ ছিল চোখে পড়ার মত। ভিনদেশীরাও মিশে যান এ আনন্দে।

প্রতিটি ঈদ জামাতেই মুসলমি বিশ্বের সুখ ও সমৃদ্ধির জন্যে বিশেষ মোনাজাত করা হয়।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ঈদের নামাজ আদায় করেন নিউ জার্সির ফার্মিংডেল সিটিতে। বঙ্গ সম্মেলনে যোগদান শেষে তিনি নিউ জার্সিতে তার মেয়ে ড. সুবর্ণা খানের বাসায় অবস্থান করছেন।

Image
নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলদেশ মুসলিম সেন্টারে ঈদ জামাত। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলদেশ মুসলিম সেন্টারে ঈদ জামাত। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আগামী ১৯ জুলাই ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন বলে মন্ত্রী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকশত প্রবাসী বাংলাদেশির সঙ্গে ফার্মিংডেল সিটিতে একটি ঈদ জামাতে অংশ নেই। মনেই হয় না যে বাংলাদেশের বাইরে আছি। সকলের সাথে কুশল বিনিময় হলো বাংলাদেশি আমেজেই।”

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ক্যান্সারের চিকিৎসার জন্য সপরিবারে নিউ ইয়র্কে আছেন বছরখানেক ধরে। ইস্ট এলমহার্স্টের একটি পার্কে কয়েক হাজার বাংলাদেশির সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি।

এ সময় প্রবাসীদের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এই বিএনপি নেতা। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়াও চান তিনি।

Image
নিউ ইয়র্কের ইস্ট এলমহার্স্ট পার্কে ঈদ জামাত। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিউ ইয়র্কের ইস্ট এলমহার্স্ট পার্কে ঈদ জামাত। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন ইউ আহমদ ক্যান্সারের চিকিৎসার জন্যে নিউ ইয়র্কে অবস্থান করলেও ঈদের নামাজ পড়েন ফ্লোরিডায় পামবীচ সিটিতে। সেখানে থাকেন তার ছেলে। দেশ থেকে তার মেয়েও এসেছেন সেখানে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঈদ নামাজ পড়েন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ। তিনি বসবাস করেন ম্যারিল্যান্ড স্টেটে।

নামাজ শেষে প্রবাসীদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সময় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ফখরুদ্দিন আহমেদ। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার অবসানে উন্নয়নের চাকা দ্রুত ঘুরছে বলে মন্তব্য করেন তিনি।