২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গম নিতে ‘বাধ্য না করার’ পর্যবেক্ষণ স্থগিত

ব্রাজিল থেকে আমদানি করা গম নিতে ‘বাধ্য না করার’ যে পর্যবেক্ষণ হাই কোর্ট দিয়েছে, তা ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 03:19 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার এই আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল আদেশের পর বলেন, “আদালত হাই কোর্টের পর্যবেক্ষণ স্থগিত করে ২৬ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠিয়েছেন।

রিট আবেদনকারীর পক্ষে চেম্বার আদালতে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

বুধবার হাই কোর্টের দেওয়া এক রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা ওই গম নিতে কাউকে ‘বাধ্য করা যাবে না’।

ইতোমধ্যে পুলিশ, বিজিবি, আনসার, জেলখানা, বিভিন্ন ডিলার ও আটা কল ছাড়াও টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখাসহ (কাজের বিনিময়ে খাদ্য) বিভিন্ন কর্মসূচিতে বিতরণ করা ওই গম (ব্রাজিলের) ‘শনাক্ত করা সাপক্ষে’ কেউ ফেরত দিতে চাইলে তাও ফেরত নিতে বলেছিল হাই কোর্ট।

ব্রাজিল থেকে আমদানি করা ওই গম ‘নষ্ট ও পচা’বলে পুলিশের পক্ষ থেকে আপত্তি তোলার খবর গণমাধ্যমে এলে সপ্তাহ দুই আগে এ বিষয়ে আলোচনা শুরু হয়। ‘পচা গম’ আমদানির অভিযোগে বিএনপির পক্ষ থেকে খাদ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়।

তবে ওই গম ‘পচা নয়’ দাবি করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংসদে বলেন, এ গম সম্পূর্ণ খাবার উপযোগী; মান নিয়ে তিনি সন্তুষ্ট।

এরপর ‘নিম্নমানের’ গম আমদানি ও সরবরাহের অভিযোগ দুদককে দিয়ে তদন্তের আদেশ চেয়ে পাভেল মিয়া নামের এক আইনজীবী গত ২৮ জুন এই রিট আবেদন করেন।

এ বিষয়ে প্রাথমিক শুনানি করে ৩০ জুন হাই কোর্ট রুলসহ আদেশ দেয়। ওই গম মানুষের খাওয়ার উপযোগী কি-না, সে বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

সে অনুযায়ী, খাদ্য অধিদপ্তরের মহা পরিচালকের পাঠানো প্রতিবেদন গত ৫ জুলাই আদালতে জমা দেয় রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ শিল্প বিজ্ঞান গবেষণা পরিষদ (বিসিএসআইআর), কৃষি গবেষণা ইন্সটিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কথা উল্লেখ করে মহাপরিচালকের প্রতিবেদনে বলা হয়, “ব্রাজিল থেকে আমদানি করা গম চুক্তিপত্রের নির্দেশ অনুসারে গ্রহণীয় সীমার মধ্যে থাকায় মানুষের খাওয়ার উপযুক্ত বলে খাদ্য অধিদপ্তর হতে প্রত্যয়ণ করা হল।”

আমদানি করা দুই লাখ পাঁচ হাজার ১২৮ মেট্রিক টন গমের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯২৬ মেট্রিক টন ইতোমধ্যে বিতরণ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

ওই প্রতিবেদনের ভিত্তিতে পর্যবেক্ষণ দিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ বুধবার এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে রায় দেয়।

রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার ওই পর্যবেক্ষণ স্থগিতের নির্দেশনা চেয়ে চেম্বার আদালতে গেলে বিচারক তা মঞ্জুর করে শুনানির জন্য বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

পুরনো খবর:

গম নিতে বাধ্য করা যাবে না: হাই কোর্ট