গম নিতে বাধ্য করা যাবে না: হাই কোর্ট
ব্রাজিল থেকে চারশ কোটি টাকায় আমদানি করা গম ‘মানুষের খাওয়ার উপযোগী’ বলে খাদ্য অধিদপ্তর প্রতিবেদন দিলেও বিতরণ না হওয়া গম নিতে কাউকে বাধ্য না করার নির্দেশনা দিয়েছে হাই কোর্ট।
ইতোমধ্যে পুলিশ, বিজিবি, আনসার, জেলখানা, বিভিন্ন ডিলার ও আটা কল ছাড়াও টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখাসহ (কাজের বিনিময়ে খাদ্য) বিভিন্ন কর্মসূচিতে বিতরণ করা ওই গম (ব্রাজিলের) ‘শনাক্ত করা সাপক্ষে’ কেউ ফেরত দিতে চাইলে তা নিতে বলেছে আদালত।
এই পর্যবেক্ষণ দিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ বুধবার এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে রায় দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
আদেশের পর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাখিল করা সব প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত বলেছে, ওই গম খাওয়ার উপযোগী নয় কোথাও বলা হয়নি। অর্থাৎ, ওই গম খাওয়ার উপযোগী।”
ব্রাজিল থেকে আমদানি করা ওই গম ‘নষ্ট ও পচা’বলে পুলিশের পক্ষ থেকে আপত্তি তোলার খবর গণমাধ্যমে এলে আলোচনা শুরু হয়।
‘পচা গম’আমদানির অভিযোগে বিএনপির পক্ষ থেকে খাদ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়।
তবে ওই গম ‘পচা নয়’ দাবি করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংসদে বলেন, এ গম সম্পূর্ণ খাবার উপযোগী; মান নিয়ে তিনি সন্তুষ্ট।
এরপর ‘নিম্নমানের’ গম আমদানি ও সরবরাহের অভিযোগ দুদককে দিয়ে তদন্তের আদেশ চেয়ে পাভেল মিয়া নামের এক আইনজীবী গত ২৮ জুন এই রিট আবেদন করেন।
এ বিষয়ে প্রাথমিক শুনানি করে ৩০ জুন হাই কোর্ট রুলসহ আদেশ দেয়। ওই গম মানুষের খাওয়ার উপযোগী কি-না, সে বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
সে অনুযায়ী, খাদ্য অধিদপ্তরের মহা পরিচালকের পাঠানো প্রতিবেদন গত ৫ জুলাই আদালতে জমা দেয় রাষ্ট্রপক্ষ। ওইদিন রিট আবেদনকারীপক্ষ জবাব দেওয়ার জন্য সময়ের আবেদন জানালে আদালত ৮ জুলাই আদেশের দিন রাখে।
বাংলাদেশ শিল্প বিজ্ঞান গবেষণা পরিষদ (বিসিএসআইআর), কৃষি গবেষণা ইন্সটিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কথা উল্লেখ করে মহাপরিচালকের প্রতিবেদনে বলা হয়, আমদানি করা গমের মান নিয়ে প্রশ্ন উঠায় খাদ্য মন্ত্রনালয়ের নির্দেশে বিভিন্ন জেলার খাদ্য গুদাম মজুদ ওই গমের ৫৭টি নমুনা নির্বাহী ম্যজিস্ট্রেটের মাধ্যমে সংগ্রহ করে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।
প্রতিবেদনে বলা হয়, “ব্রাজিল থেকে আমদানি করা গম চুক্তিপত্রের নির্দেশ অনুসারে গ্রহণীয় সীমার মধ্যে থাকায় মানুষের খাওয়ার উপযুক্ত বলে খাদ্য অধিদপ্তর হতে প্রত্যয়ণ করা হল।”
আমদানি করা দুই লাখ পাঁচ হাজার ১২৮ মেট্রিক টন গমের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯২৬ মেট্রিক টন ইতোমধ্যে বিতরণ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
বুধবার রায়ের পর ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস সাংবাদিকদের বলেন, “আদালত বলেছে, এই যে পোকা-মাকড়ের কথা আসছে, বিভিন্ন পরীক্ষার প্রতিবেদনে এসেছে, এর ভিত্তিতে এখন যদি কাউকে দিতে যাওয়া হয়, সে যদি নিতে না চায় তা গ্রহণ করতে বলা হয়েছে।”
মাহবুব উদ্দিন খোকন বলেন, “আদালত মামলাটি নিষ্পত্তি করে বলেছে ব্রাজিল থেকে আমদানি করা গম সরকারি গুদাম থেকে কাউকে জোর করে দেওয়া যাবে না।... ইতোমধ্যে যাদের বিলি-বণ্টন করা হয়েছে, তারা ফেরত দিতে চাইলে অবশ্যই ফেরত নিতে হবে বলে নির্দেশ দিয়েছে।”
