২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিআইপি চলাচল: ঢাকায় যানজটের ভোগান্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে দুপুর ১টায় মহাখালী থেকে রওনা হন শিক্ষার্থী আনোয়ার পারভেজ। প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে থেকে বাস থেকে নেমে যান বিজয় সরণি মোড়ে। বাকি পথ টুকুও হেঁটেই যেতে হয়েছে তাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 06:42 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

পুরনো খবর:

যানজট এড়াতে চট্টগ্রামে ট্রাক-কভার্ডভ্যান চলবে না ৩ ঘণ্টা

সোমবার যারা রাজধানীর সড়কে নেমেছেন অধিকাংশকেই এরকম ভোগান্তি পোহাতে হয়েছে। সকাল থেকে তীব্র যানজটে অনেকটা স্থবির ছিল রাজধানীর প্রায় প্রতিটি সড়ক।

বিমানবন্দর সড়কের মহাখালী এলাকা, বিজয় সরণি, ফার্মগেইট, কারওয়ান বাজার, কাকরাইল, বিজয় নগর, গুলিস্তান- প্রতিটি এলাকায় যানজটে আটকে থাকতে হয়। মহাখালী উড়াল সেতুর উপরেও বিভিন্ন যানবাহনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

পুলিশ বলছে, আগারগাঁও ও ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতির কর্মসূচি থাকায় তিনি বেরোনোর পাশাপাশি রোজা সামনে রেখে মানুষের চলাচল বাড়ায় যানজট সৃষ্টি হয়।

দুপুর আড়াইটার দিকে বিজয়নগর থেকে এসে শেরাটন মোড় দিয়ে বেরোতে প্রায় ৪৫ মিনিট যানজটে আটকা ছিলেন মাহমুদা ইয়াসমিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো রাস্তা ফাঁকা নেই। সব দিকেই জ্যাম।”

ওই এলাকায় কর্মরত এক ট্রাফিক কনস্টেবল বলেন, “আমাদের বলা হয়েছে এ সড়কে ভিআইপি মুভমেন্ট হবে, এ কারণে তার নিরাপত্তার জন্য রাস্তা আটকে রাখা হয়েছে।”

সোমবার রাষ্ট্রপতি আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’ উদ্বোধন করেন। পরে সেখান থেকে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে সিএমএইচে যান। দুই কর্মসূচি থেকে সিএমএইচ থেকে বঙ্গভবনে ফেরেন তিনি।

তার যাওয়া-আসার জন্য দীর্ঘক্ষণ রাস্তা আটকে রাখা হয়। আর এতে ভোগান্তিতে পড়েন রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফার্মগেইট এলাকায় একটি বাসে ঝুলতে থাকা ফজলুল করীম বলেন, “প্রধানমন্ত্রী তো দেশে নাই, এর পরেও এত জ্যাম! সাধারণ মানুষের কি কোনো মূল্যই নেই?”

যানজটের কারণ হিসেবে ঢাকা মহানগর ট্রাফিক ‍উপ-কমিশনার (দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান বলেন, “রাষ্ট্রপতি ১২টার পরে মুভ করেন, বঙ্গভবন থেকে বিআইসিসি এবং সেখান থেকে ক্যান্টনমেন্ট এবং ক্যান্টনমন্ট থেকে বঙ্গভবন।

“এছাড়া রমজান উপলক্ষে গাড়ির মুভমেন্ট অন্য দিনের তুলনায় বেশি। এসব কারণেই মূলত যানজট হয়েছে।”