২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজট এড়াতে চট্টগ্রামে ট্রাক-কভার্ডভ্যান চলবে না ৩ ঘণ্টা

রোজায় যানজট এড়াতে বন্দরনগরীতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন ঘণ্টা পণ্যবাহী ট্রাক-কভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 08:19 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

প্রথম রোজা থেকে নগরীতে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব ধরনের পণ্য ও খাদ্যদ্রব্যবাহী ট্রাক-কভার্ডভ্যান চালচল করতে পারবে না বলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান জানিয়েছেন।

সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অফিস ছুটির পর এবং ইফতারের আগে বেশি যানজট হয়। এসময় যানজটমুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁদ দেখার উপর নির্ভর করে ১৮ বা ১৯ জুন থেকে রোজা শুরু হতে যাচ্ছে। গত ২ জুন মন্ত্রিপরিষদ বৈঠকে রোজায় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসসূচি নির্ধারণ হয়।

পুলিশ কর্মকর্তা শহিদুর রহমান বলেন, নগরীতে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক ও কভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও খাদ্যদ্রব্য ও জরুরি রপ্তানিবাহী বেশ কিছু ট্রাক ও কভার্ডভ্যান চলাচল করে।

সাধারণ মানুষের সুবিধার্থে নতুন এ সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে নির্দেশনাটি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে গত কযেকদিন নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।

মুরাদপুর থেকে ষোলশহর ও বিআরটিসি বাস টার্মিনাল থেকে কদমতলী এলাকায় ফ্লাইভার নির্মাণের জন্য যানজট হলেও অন্য সড়কগুলোতে যানজটের সুনির্দিষ্ট কারণ বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

নাম প্রকাশ না করে কয়েকজন ট্রাফিক পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজা সামনে রেখে নগরীতে যানবাহন চলাচল বেড়ে গেছে। এছাড়া বিভিন্ন জেলা থেকে মৌসুমী রিকশা চালকরা নগরীতে আসায় রিকশার সংখ্যাও বেড়ে গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অবৈধভাবে হকাররা দখল করে রাখায়ও যান চলাচলে বিঘ্ন ঘটছে।”

এদিকে যানজট নিরসনে নগরীর বিভিন্ন মার্কেটগুলোর মালিক সমিতিকে কমিউনিটি পুলিশের ব্যবস্থা করতে বলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শহিদুর।

এছাড়া রোজার সময় বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন থানার ভ্রাম্যমাণ টিমগুলোকে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে নগরীতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সোমবার থেকে অভিযান শুরু হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করার জন্য নগরীতে ৪০ জন পিএসআইর পাশাপাশি মোট ১৫০ জন পুলিশ সদস্য কাজ করবেন বলে জানান পুলিশ কর্মকর্তা শহীদুর।