ব্লগার অনন্ত হত্যার প্রতিবাদে হরতালের পর সমাবেশের কর্মসূচি
ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের প্রতিবাদে আধাবেলা হরতালের পর সংহতি সমাবেশের কর্মসূচি দিয়েছে সিলেট গণজাগরণ মঞ্চ।
গণজাগরণ আন্দোলনের এই সংগঠককে খুনে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বুধবার বিক্ষোভ হয়েছে।
কোথাও গণজাগরণ মঞ্চের উদ্যোগে, কোথাও বা শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদী সমাবেশের কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার সিলেটের সুবিদবাজার এলাকায় মুখোশধারী দুর্বৃত্তরা অনন্তকে খুন করার পর তাৎক্ষণিকভাবে বুধবার আধাবেলা হরতালের ডাক দেন সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু।
৬টা থেকে ২টা পর্যন্ত হরতালে সিলেট নগরীতে দোকানপাট বন্ধ ছিল। নগরী থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের মধ্যে কোথাও কোনো গোলযোগ হয়নি।
নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন ছিল।
হরতালের সমর্থনে সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। আধা ঘণ্টা পর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে কিন ব্রিজ এলাকায় শেষ হয়।
হরতাল শেষে দুপুরে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে দেবাশীষ বলেন, “অনন্ত বিজয়ের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ করা হবে।”
ওই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি। গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরও বলেন, সমাবেশ সফল করতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবেন তারা।
অনন্ত বিজয় দাশ
২০১৩ সালে ঢাকার শাহবাগে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে তরুণ-যুবারা সোচ্চার হলে সিলেটেও গণজাগরণ মঞ্চ গড়ে তোলা হয়; অনন্ত ছিলেন এর অন্যতম উদ্যোক্তা।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স করার পর সুনামগঞ্জের জাউয়াবাজারে পূবালী ব্যাংকের ডেভেলপমেন্ট অফিসার ছিলেন অনন্ত।
মঙ্গলবার সকালে সিলেটের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়।
অনন্ত হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার টুইটারে বার্তা দিয়েছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা। অজ্ঞাত পরিচয়ের চারজনকে আসামি করে মামলা হয়েছে, তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
হরতালের মধ্যে দুপুরে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় স্থানীয়রা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে অনন্ত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।
সুবিদবাজারে মানববন্ধন
মানববন্ধনে সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, স্থানীয় মেহেদী হাসান মুন্না, শেখ মো. আজাদসহ অন্যরা বক্তব্য রাখেন।
দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকিও দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, অনন্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে সকালে শহরের চাষাঢ়া এলাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
সংগঠনের জেলা কমিটির সভাপতি আব্দুল খালেক সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা দুর্বৃত্তদের হামলায় নিহত অনন্ত বিজয় দাশের খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, দেশে একের পর এক মুক্তমনা ব্লগার ও মানুষদের ওপর হামলা করে তাদের হত্যা করা হলেও একটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হচ্ছে না।
