অনন্ত হত্যা: শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক
ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।
বুধবার বিকালে শাহবাগে জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
মঞ্চের কর্মী ও ব্লগার অনন্তের হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে এই গণঅবস্থান হয়।
অবস্থান শেষে শাহবাগ থেকে একটি মশাল মিছিল বের করেন মঞ্চের কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে ফিরে শেষ হয়।
মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, “বাংলাদেশের মিলিটারি, গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে ডিবি, এসবি এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা অপারগ বা তাদের ক্ষমতা নেই, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দক্ষতা নেই- এ বিষয়টি আমি কোনোভাবেই বিশ্বাস করি না।
“প্রশ্ন হচ্ছে, এই গোয়েন্দা বাহিনীসহ দেশের প্রশাসন বা সরকার এই সব হত্যাকারীদের, জঙ্গিদের বা দেশবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় কি না?”
তিনি বলেন, “সরকার ও গোয়েন্দা বাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা চক্রগুলোর পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় জঙ্গিবাদীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে।”
অনন্তের খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে শুক্রবার বিকেল ৪টায় সারা দেশে বিক্ষোভের ডাক দিয়ে তিনি বলেন, দাবি পূরণ না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মঙ্গলবার সকালে সিলেটের সুবিদবাজার এলাকায় ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে আনসার বাংলা ৮ নামে একটি টুইটার একাউন্ট থেকে বলা হয়, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
