নাছিরকে অপেক্ষা করতে হবে আরো আড়াই মাস
একইসঙ্গে ভোটে জিতে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা এরইমধ্যে দায়িত্ব নিলেও চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিনকে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিদায়ী মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচিত হওয়ার একসঙ্গে শপথ নিয়েও চট্টগ্রামের নতুন মেয়রকে দায়িত্ব পেতে অপেক্ষা করতে হবে বলে স্থানীয় সরকারের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক জানান, নির্বাচনের পর সিটি করপোরেশনের নতুন পরিষদ দায়িত্ব নিয়ে তাদের প্রথম সভা থেকে ৫ বছর মেয়াদ থাকবে। চট্টগ্রামের আগের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হবে জুলাইয়ে।
“সেক্ষেত্রে নব নির্বাচিতদের দায়িত্ব নিতে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদায়ী মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে ২৫ জুলাই।
গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচিতদের গেজেট প্রকাশের পর শপথও নিয়েছেন তারা।
এরইমধ্যে নতুন মেয়রদের তথ্য দিয়ে তিন সিটি করপোরেশনের ওয়েবসাইট আপডেট করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র সাঈদ খোকন শপথ নেওয়ার পরদিন বৃহস্পতিবার
নগর ভবনে যোগ দেন।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকও দায়িত্ব নিয়েছেন। রোববার তার কার্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে।
তবে আ জ ম নাছির ও চট্টগ্রামের নবনির্বাচিত কাউন্সিলরদের দায়িত্ব নিতে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি জানান, ২০১০ সালের ১৭ জুন ভোটের পর মেয়র এম মনজুর আলম ও কাউন্সিলররা ২৬ জুলাই সিটি করপোরেশনের প্রথম সভা করেন। সে অনুযায়ী এ বছরের ২৫ জুলাই তাদের মেয়াদ শেষ হচ্ছে।
ভোটে অংশ নিতে মেয়র মনজুর পদত্যাগ করায় প্যানেল মেয়রদের একজন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে রয়েছেন।
নবনির্বাচিতদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে শফিউল আলম বলেন, “আমরা অপেক্ষায় রয়েছি। সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র জুলাইয়ের আগে দায়িত্ব পাবেন না। আগের মেয়র ও কাউন্সিলরদের নিয়ে করপোরেশনের প্রথম সভা থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদ রয়েছে। সেক্ষেত্রে আইন মেনে ২৫ জুলাইয়ের পরে দায়িত্ব নিতে হবে।”
গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে শপথের বাধ্যবাধকতা থাকায় নির্বাচিতরা গত ৬ মে শপথ নিয়েছেন।
নবনির্বাচিত তিন মেয়রকে গত বুধবার শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এবার ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতেই আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা জয়ী হয়েছেন।
এর আগে চার সিটি করপোরেশনে (রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) বিএনপি সমর্থিতরা জয়ী হয়। সেময় শপথের পরই তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি উঠলেও আগের পর্ষদের মেয়াদ শেষেই সবাইকে যোগ দিতে হয়েছিল করপোরেশনে।
ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আওয়ামী লীগের মোহাম্মদ হানিফ ১৯৯৪-২০০২ এবং বিএনপির সাদেক হোসেন খোকা ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
২০১১ সালে ঢাকা দুই ভাগের পর উত্তরে ৮ জন এবং দক্ষিণে ৬ জন করে প্রশাসক দায়িত্ব পালন করেন।
