কথা রাখাই লক্ষ্য: নাছির
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ী আ জ ম নাছির উদ্দিন।
শনিবার ঢাকা থেকে ফিরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি আমি দিয়েছি তা সততার সঙ্গে পূরণ করব। দায়িত্ব পালন ও সেবা প্রদানে জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখব।”
শনিবার বিকালে নাগরিক কমিটি এই সংবর্ধনার আয়োজন করে।
মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নাছির বলেন, “অতীতেও চট্টগ্রামেরে জন্য আমি কাজ করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
“আমাকে তিনি আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে চট্টগ্রামে যত উন্নয়ন কাজ হবে তার সবটুকু আমার হাত ধরেই হবে।”
নগরীর ৬০ লাখ মানুষের ভালোবাসা নিয়ে ‘উন্নয়নযাত্রা’ শুরুর আশাবাদ ব্যক্ত করেন নাছির।
তিনি বলেন, চট্টগ্রামে যে সংকট রয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে একে একে সমাধানের পথ তৈরি হবে।
এর আগে সংবর্ধনা উপলক্ষে বেলা ২টা থেকে হাজার খানেক নেতাকর্মী ব্যক্তিগত গাড়ি, ট্রাক ও মোটর সাইকেলে নিয়ে বিমানবন্দরে জড়ো হন ।
নেতাকর্মীদের বহনকারী যানবাহনের চাপে এসময় বিমানবন্দরে সাধারণ যাত্রীদের গাড়ি প্রবেশ বন্ধ হয়ে যায়।
বেলা পৌনে ৪টার দিকে বেসরকারি একটি বিমানযোগে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান আ জ ম নাছির।
এসময় বিমান বন্দর সংলগ্ন ১৪ নম্বর ঘাট ও নেভাল সৈকত সড়কে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পার্কিং করে রাখা গাড়ির কারণে যানজট সৃষ্টি হয়।
এসময় বিদেশ ফেরত ও বিদেশগামী যাত্রী এবং তাদের স্বজনরা ১৪ নম্বর ঘাট ও আশেপাশের এলাকায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বিমানবন্দরের দিকে যেতে ও বেরিয়ে আসতে দেখা গেছে।
গত ৬ মে ঢাকায় শপথ নেন আ জ ম নাছির উদ্দিন। এরপর তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজার জেয়ারত করতে যান।
বহিরাগতদের দিয়ে ভোটকেন্দ্র দখল করে জাল ভোট প্রদানের অভিযোগে প্রধান প্রতিদ্বন্দ্বী মনজুর আলমের নির্বাচন বর্জনের ঘোষণার মধ্য দিয়ে গত ২৮ এপ্রিল মেয়র নির্বাচিত হন আ জ ম নাছির।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ এম এ লতিফ, সাংসদ সামশুল হক চৌধুরী, নাগরিক কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
