পাকিস্তানকে ‘হোয়াইট ওয়াশে’ প্রধানমন্ত্রীর অভিনন্দন
সীমিত ওভারের সিরিজে পাকিস্তানকে ‘হোয়াইট ওয়াশ’ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন।
“প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের উত্তোরত্তর সাফল্য কামনা করেছেন।”
প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, “জাকার্তায় কর্মব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলার খবর নিয়েছেন।”
“ক্রিকেটভক্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।”
প্রধানমন্ত্রী এই অভিনন্দন বার্তায় আরো বলেছেন, “এই সাফল্য বাংলাদেশ ক্রিকেট দলের মনোবলকে আরো বাড়িয়ে দেবে।”
আন্তর্জাতিক যে কোন ম্যাচে আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলেও প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন।
একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এটাই বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।
প্রথম খেলায় বাংলাদেশ ৭৯ রানে এবং দ্বিতীয় খেলায় ৭ উইকেটে জয়লাভ করেছিলো বাংলাদেশ।
