অভিজিৎ হত্যাকাণ্ড পরিকল্পিত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
লেখক অভিজিৎ হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। (সংশোধিত)
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনাটি যখন ঘটে সেখানে বেশ কয়েকজন ছিলো। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
তিনি জানান, এ হত্যাকাণ্ডে ফারাবী ছাড়াও আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজন সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ বইমেলা চলার মাঝামাঝি দেশে এসে গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নিহত হন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হয়েছেন। চিকিৎসার জন্য এরইমধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি।
সাম্প্রদায়িকতাবিরোধী লেখক অভিজিৎ হত্যার তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। তারা এ হত্যাকাণ্ড তদন্তে সহায়তার প্রস্তাব দিলে তাতে সায় দেয় বাংলাদেশ সরকার।
হত্যাকাণ্ডের পর স্বল্প সময়ের মধ্যে এফবিআইয়ের গোয়েন্দাদের তদন্তে আসার ব্যাপারে জানতে চাওয়া হল আসাদুজ্জামান খাঁন বলেন, প্রতিটি দেশের দূতাবাসে তাদের নিজস্ব গোয়েন্দাদের একটি করে ইউনিট থাকে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসেও এফবিআই’র একটি ইউনিট রয়েছে। সেখান থেকেই দুয়েকজন তদন্তে এসেছেন।
তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আসা প্রতিনিধিরাও যোগ দিয়েছেন বলে জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় থাকা এফবিআই সদস্যদের সঙ্গে নতুন করে দুয়েকজন যোগ দিয়েছেন।
সাংবাদিকরা তার কাছে জানতে চান- দেশের গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণে এফবিআই সদস্যরা তদন্ত করছেন কিনা।
জবাবে মন্ত্রী বলেন, “অভিজিৎ যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তাই তার হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের এফবিআই তদন্ত করতে এসেছে। এতে আমাদের গোয়েন্দাদের অযোগ্যতার কোনো কিছু নেই।
“আমাদের গোয়েন্দাদের তদন্তেও অনেক তথ্য বেরিয়ে এসেছে। সেগুলো তারা চাইলে আমরা তাদের দেব, তাদের কাছে কোনো তথ্য পাওয়া গেলে সেগুলোও আমরা চাইবো।”
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অনুষ্ঠানে অভিজিৎ হত্যাকাণ্ড ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হরতাল-অবরোধে পেট্রোল বোমাসহ নানা ধরনের সহিংসতা হঠাৎ করে পুনরায় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সহিংসতার ভয়াবহতা অনেক কমে গেছে, আরও কমবে। জনগণ এ ধরনের আন্দোলন চায় না। যেখানে গণমানুষের সম্পৃক্ততা নেই সেখানে আন্দোলন চলে না। সহিংসতা শিগগরিই বন্ধ হবে, হচ্ছে।”
সাগর-রুনিসহ রাজধানীর সিক্স মার্ডার এবং মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অনেক দেরি হয়ে গেছে, তবে আমরা এ রহস্য উদঘাটন করবই।”
তিনি জানান, অন্য হত্যাকাণ্ডগুলোর রহস্য উদঘাটন হয়েছে। মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের আসামি শনাক্ত হয়েছে। তারা দ্রুত দেশ থেকে সরে যাচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাগর-রুনি হত্যাকাণ্ড ছাড়া অন্য কোনো ঘটনায় পুলিশের ব্যর্থতা নেই বলেও দাবি করেন আসাদুজ্জামান খাঁন।
