দুর্লভ ‘মাশুকের দরবার’ বইমেলায়
অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিনই গড়ে শ’খানেক নতুন বই প্রকাশিত হচ্ছে, যার বড় একটি অংশই এ যুগের তরুণ লেখকদের। তবে গত শতাব্দির লেখক এস ওয়াজেদ আলীর ‘মাশুকের দরবার’ গ্রন্থটি মেলায় দেখা গেছে নতুন মুদ্রণ ও প্রচ্ছদে।
এই বছরই যাত্রা শুরু করা প্রকাশনা সংস্থা বিপিএল তাদের দুর্লভ গ্রন্থমালা সিরিজের অংশ হিসেবে ৮৫ বছর আগে প্রকাশিত মাশুকের দরবার বইয়ের নতুন সংস্করণটি মেলায় এনেছে।
এস ওয়াজেদ আলীর রোমান্টিক গল্পের সংকলন এটি। ১৯৩০ সালে প্রকাশিত এই গ্রন্থের গল্পগুলোতে প্রেম নিয়ে নিজের অভিব্যক্তিরও প্রকাশ ঘটিয়েছেন লেখক। মননশীল এই লেখক ১৯৫১ সালে মারা যান।
বিপিএল-এর নির্বাহী পরিচালক অনিন্দ্য রহমান বলেন, তারা বাংলা সাহিত্যের প্রাচীন দুর্লভ বইগুলোও প্রকাশের উদ্যোগ নিয়েছেন, পুরোনো বইগুলো নতুন করে আনছেন। মাশুকের দরবার দুর্লভ গ্রন্থমালা সিরিজের দ্বিতীয় বই।
তিনি বলেন, “এস ওয়াজেদ আলী গত শতাব্দির শুরুর দশকগুলোর জনপ্রিয় লেখকদের একজন। কিন্তু তার লেখার সঙ্গে আধুনিক পাঠকরা খুব বেশি একটা পরিচিত নয়। অতীতে বাংলা সাহিত্যে যেসব লিখন কৌশল ব্যবহার করা হয়েছিল এই বইটি পড়ে তার সঙ্গে পরিচিত হতে পারবেন পাঠকরা।”
মেলার সপ্তদশ দিন পর্যন্ত কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনীসহ ২২শ’ ১৮টি বই এসেছিল। বুধবার এসেছে আরও ৯১টি বই। প্রথম ১৮ দিনে মেলায় ৫৩৩টি কবিতার বই এসেছে, যা বইয়ের ক্যাটাগরির বিচারে সর্বোচ্চ।
বুধবার মেলার দর্শনার্থী উপস্থিতির ওপর প্রভাব ফেলেছে বিশ্বকাপ ক্রিকেট। বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা চলার কারণে দিনভর দর্শকশূন্যতায় ভুগেছে মেলার স্টলগুলো। তবে সন্ধ্যায় আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের জয়ের পর বিজয়ের আনন্দ নিয়ে বই মেলায় ঢুকে ক্রিকেটপ্রেমীরা। দর্শক সমাগমও বেড়ে যায় কয়েকগুণ।
বিকেলে মেলার মূল মঞ্চে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি প্রয়াত সৈয়দ মাইনুল হোসেনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
স্থপতি মোবাশ্বের হোসেন এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কবি ও স্থপতি রবিউল হুসাইন ও সৈয়দ মাইনুল হোসেনের মেয়ে তানজিনা হোসেন।
প্রাবন্ধিক বলেন, “সৈয়দ মাইনুল হোসেনের জাতীয় স্মৃতিসৌধের স্থাপত্য কাঠামোর সাতটি স্তম্ভের এক অভিন্ন বিন্দুতে মিলন আমাদের যেন এই বার্তাই দেয় যে, সমস্ত বিভাজন ও মতপার্থক্য সত্ত্বেও আমরা মূলত এক মহান মুক্তিযুদ্ধের সন্তান এবং বাংলাদেশ নামক এক মহান জাতিরাষ্ট্রের আমরা গর্বিত উত্তরাধিকার।”
সন্ধ্যায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র ও ক্রান্তি শিল্পীগোষ্ঠী দলগত সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, রোকাইয়া হাসিনা, হারুন-অর-রশীদ, রাজিয়া সুলতানা মুন্নী, নকুল চন্দ্র দাস, হাসি সরকার, মো. মুরাদ হোসেন, রীতা ভাদুরী, আঁখি আলম, শারমিন সুলতানা এবং মাহ্যাবিন রহমান শাওলী। যন্ত্রাণুষঙ্গে ছিলেন পিনু সেন দাস (তবলা), শেখ আবু জাফর (বাঁশি), আবু কামাল (বেহালা), নির্মল কুমার দাস (দোতারা) এবং ইবনে খালদুন রাজন (কী-বোর্ড)।
