ছয় বইয়ে আত্মপ্রকাশ বিপিএল-এর
আঙ্গিকে নতুনত্ব ও বিষয়ে বৈচিত্রের প্রতিশ্রুতি দিয়ে একুশে বইমেলায় আত্মপ্রকাশ করেছে নতুন প্রকাশনী বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগী এ প্রতিষ্ঠান শুরুর দিনই মেলায় এনেছে ছয়টি বই।
অধ্যাপক আনিসুজ্জামানের প্রবন্ধের সংকলন ‘সাম্প্রদায়িকতা ও ধর্ম নিরপেক্ষতা’, একাত্তরের স্মৃতি নিয়ে নাজিম মাহমুদের ‘যখন ক্রীতদাস’, মাহবুব আজাদের রাজনৈতিক ব্যঙ্গ রচনা ‘আশাকর্পূর’ পাওয়া যাচ্ছে মেলা প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির স্টলে।
পাওয়া যাচ্ছে কিউবা ভ্রমণ নিয়ে ইকবাল করিম হাসনুর লেখা ‘মুখ ঢাকিনি বিজ্ঞাপনে’ বইটি। বাংলা সাহিত্যের দুর্লভ রচনা রবীন্দ্রনাথ মিত্রের ‘মানময়ী গার্লস স্কুল’ ও প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘পারসীক গল্প’ বই দুটিও পুনর্মুদ্রণ করেছে বিপিএল।
অনেক প্রকাশনা সংস্থার ভিড়ে নতুন এই প্রকাশনীর বিশেষত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশ থেকে যেসব বই বের হয় তার চেয়ে আলাদা আকার ও অঙ্গসজ্জা থাকছে আমাদের বইয়ে। আমাদের বইয়ের কাগজও আলাদা। কন্টেন্টে বৈচিত্র্য ও বাজারের চাহিদা মাথায় রাখলেও নতুন পাঠক রুচি তৈরিই আমাদের উদ্দেশ্য।”
