বিপিএল’র মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘প্রসাদ’ মেলায়
অমর একুশে গ্রন্থমেলায় মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের চলচ্চিত্র সাময়িকীগুলোতে উঠে আসা বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রাসঙ্গিক রচনাগুলোর সংকলন ‘প্রসাদ’ নিয়ে এসেছে প্রকাশনা সংস্থা বিপিএল।
মেলায় এ বছরই এক সঙ্গে ছয়টি বই নিয়ে আত্মপ্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগী প্রতিষ্ঠান বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল)।
বই মেলার দ্বিতীয় সপ্তাহে ‘প্রসাদ’ ছাড়াও ‘ধর্মনিরপেক্ষতা’ নামের আরেকটি প্রবন্ধ সংকলন এসেছে বিপিএল’র স্টলে।
বাংলাদেশের মুক্তিসংগ্রাম পৃথিবীর অন্যান্য সচেতন গোষ্ঠীর পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্র-সমাজকেও ব্যাপকভাবে আন্দোলিত করেছিল। সেখানকার ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় সিনে-ম্যাগাজিনগুলোয় নিয়মিত এসেছে মুক্তিযুদ্ধের দিনগুলোর খবর, কড়চা।
এমনই একটি চলচ্চিত্র বিষয়ক অধুনালপ্ত সাময়িকী ‘প্রসাদ’, যেটি ১৯৭২ সালের প্রথম দিকে বাংলাদেশ সংখ্যা নামে প্রকাশিত হয়েছিল।
‘প্রসাদ’ ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত ষাট ও সত্তরের দশকের চলচ্চিত্র সাময়িকী ‘উল্টোরথ’, ‘জলসা’ এবং ‘সিনেমা জগতে’র বিভিন্ন সংখ্যায় স্থান পেয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাগুলো।
বিপিএল’র সংকলন ‘প্রসাদ’ পশ্চিমবঙ্গের এসব সাময়িকীতে প্রকাশিত বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঙ্গে প্রাসঙ্গিক রচনাগুলোর নতুন সংস্করণ। বইটিতে প্রসাদের 'বাঙলাদেশ সংখ্যা’র মুক্তিযুদ্ধ বিষয়ক রচনাগুলোর পাশাপাশি সমসাময়িক অন্যান্য সিনে ম্যাগাজিনের বাংলাদেশ বিষয়ক রচনা ছাপানো হয়েছে।
আঙ্গিকে নতুনত্ব ও বিষয়বস্তুর বৈচিত্র্য থাকা বিপিএল’র বইগুলো ইতোমধ্যেই মেলার দর্শনার্থীদের মধ্যে সাড়া জাগিয়েছে। বাংলা একাডেমির পুকুরের উত্তরপাড়ে বিপিএল এর স্টলটিতে প্রতিদিনই ভিড় বাড়ছে পাঠকদের।
বিপিএল স্টলকর্মী ইরা ডি কস্তা বলেন, “প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক বই বিক্রি হচ্ছে। নতুন আসা ধর্মনিরপেক্ষতা ও প্রসাদ বই দুটি ইতোমধ্যেই অর্ধশতাধিক কপি বিক্রি হয়েছে।”
বিপিএল’র নির্বাহী পরিচালক অনিন্দ্য রহমান জানান, মেলার শেষ সময় পর্যন্ত নতুন নতুন বই নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের। বইয়ের ধরনের মধ্যে কবিতা বা উপন্যাস থাকছে না, তবে ছোটগল্পের বই থাকছে দুটি।
বিপিএল’র স্টলে এর মধ্যে সাম্প্রদায়িকতা ও ধর্ম নিরপেক্ষতা নিয়ে অধ্যাপক আনিসুজ্জামানের প্রবন্ধ সংকলন এসেছে, যার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে দেশ ভাগের পর সাম্প্রদায়িকতার আগুন দেখার; শিরোনাম: সাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা।
একাত্তরে মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতি নিয়ে পুনর্মুদ্রিত বই ‘যখন ক্রীতদাস’। লেখক নাজিম মাহমুদ। এই বই নিয়ে সাহিত্যিক হাসান আজিজুল হক লিখেছেন, “এই বই পড়ার পর আয়নায় নিজেকে একবার দেখে নেবার প্রয়োজন পড়বে বলে মনে হয়।”
আরেকটি পুনর্মুদ্রিত বই ‘মানময়ী গার্লস স্কুল’। ১৯৩২ সালে প্রকাশিত রবীন্দ্রনাথ মৈত্রের এই নাটকটি সেই সময়েই পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল।
পারস্যের ছোট ছোট ২৬টি গল্প নিয়ে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘পারসীক গল্প’। ইকবাল করিম হাসনুর বই ‘মুখ ঢাকিনি বিজ্ঞাপনে’, আরও আছে মাহবুব আজাদের ছোটগল্পের বই ‘আশাকর্পূর’।
