ধর্মনিরপেক্ষতা নিয়ে বই আনছে বিপিএল
একটু একটু করে জমে উঠছে বইমেলা আর একটু একটু করে ভিড় বাড়ছে বিপিএল স্টলে।
একুশে বইমেলার মূল চত্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশনা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড বিপিএল স্টল বৃহস্পতিবার ঘুরে ঘুরে বই দেখছিলেন কৌশিক আহমেদ, কিনলেন দুটি বই।
বললেন, “বাহ! বইগুলার আকৃতি এবং টাইপোগ্রাফিতে বেশ নতুনত্ব আছে। বিষয় বস্তুও বেশ অন্যরকম, শুধু দামটা একটু বেশি মনে হল।”
মেলায় ঢুকেই বাংলা একাডেমির বর্ধমান হাউজ থেকে ডান দিকের স্টলের সারিতে বিপিএল স্টল।
স্টলের বিক্রয়কর্মী ইরা ডি কস্তা বললেন, “আমাদের বই খুব বেশি না হলেও প্রতিদিনই একটু একটু করে বিক্রি হচ্ছে। গতকাল বেশ ভালই বিক্রি হয়েছে, বিশেষ করে ছোট গল্পের বই ‘আশাকর্পূর’।”
এবারই প্রথম প্রকাশনা সংস্থা হিসাবে যাত্রা শুরু করা বিপিএল এর মধ্যেই মেলায় এনেছে ছয়টি বই। শুক্রবার যুক্ত হচ্ছে আরও দুটি বই।
শুক্রবার বিপিএল মেলায় আনবে ধর্মনিরপেক্ষতা নামে প্রবন্ধ সংকলন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রয়াত আলী আনোয়ারের সম্পাদিত বইয়ের প্রাবন্ধিকরা হচ্ছেন, প্রয়াত ইতিহাসবিদ সালাহ উদ্দীন আহমদ, প্রয়াত শিক্ষাবিদ খান সারওয়ার মুর্শিদ, প্রয়াত অধ্যাপক আলী আনোয়ার, অধ্যাপক সনৎ কুমার সাহা, লেখক-গবেষক গোলাম মুরশিদ।
অনিন্দ্য বলেন, “প্রচলিত চলতি বা বাজার কাটতি বিষয়ের বাইরে আমরা মন দিয়েছি পাঠকের মননশীলতার দিকে। যেমন ধরুন একটি বই আসছে ‘বাংলা রাজনৈতিক চলচ্চিত্র’ নামে; যাতে এক মোড়কেই থাকছে সত্যজিত রায়, ঋত্বিক ঘটক আর মৃণাল সেনের ৫টি প্রতিবাদী সিনেমা নিয়ে আলোচনা।
“চলচ্চিত্র নিয়ে আরেকটি বই আসছে যাতে পশ্চিম বঙ্গের সিনে ম্যাগাজিনগুলা যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রতিনিধিত্ব করেছে, তা নিয়ে।”
একাত্তরে মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতি নিয়ে পুনর্মুদ্রিত বই ‘যখন ক্রীতদাস’। লেখক নাজিম মাহমুদ। এই বই নিয়ে সাহিত্যিক হাসান আজিজুল হক লিখেছেন, “এই বই পড়ার পর আয়নায় নিজেকে একবার দেখে নেবার প্রয়োজন পড়বে বলে মনে হয়।”
আরেকটি পুনর্মুদ্রিত বই ‘মানময়ী গার্লস স্কুল’। ১৯৩২ সালে প্রকাশিত রবীন্দ্রনাথ মৈত্রের এই নাটকটি সেই সময়েই পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। পারস্যের ছোট ছোট ২৬টি গল্প নিয়ে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের “পারসীক গল্প”। ইকবাল করিম হাসনুর বই ‘মুখ ঢাকিনি বিজ্ঞাপনে’, আরো আছে মাহবুব আজাদের ছোটগল্পের বই “আশার্পুর”।
মেলায় দুই মন্ত্রী
মেলার পঞ্চম দিনে নতুন বইয়ের সংখ্যা বাড়লে অবরোধ-হরতালে বইপ্রেমীদের সংখ্যা আগের চারদিনের মতোই ছিল কম। তবে এর মধ্যে মেলায় দেখা গেছে দুজন মন্ত্রীকে।
বিকাল সাড়ে ৪টার দিকে মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ঢোকেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দক্ষিণ-পূর্ব কোণে সময় প্রকাশনের প্যাভিলিয়নে ২০ মিনিটের মতো সময় কাটান তিনি।
সন্ধ্যার পর একাডেমি প্রাঙ্গণে দেখা যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। নজরুল ইনস্টিটিউট, যুব জাগরণসহ কয়েকটি স্টল ঘুরে দেখেন তিনি। কয়েকটি বইও কিনতে দেখা যায় তাকে।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “মেলায় ঘুরে তো হরতাল অবরোধের কোনো ছাপ দেখা যায়নি।”
নতুন বই ১৫৪টি
পঞ্চম দিনে ১৫৪টি নতুন বইয়ের ঘোষণা আসে তথ্যকেন্দ্র থেকে, যা মেলা শুরুর পর থেকে এক দিনে সর্বোচ্চ।
এদিন চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
পঞ্চম দিন মেলায় আসা বইগুলোর মধ্যে সর্বোচ্চ ছিল উপন্যাস গ্রন্থ। এদিন ৩০টি উপন্যাস আসে মেলায়। এছাড়া ১৫টি গল্পের বই, ২৮টি কবিতার বই, ১১টি প্রবন্ধগ্রন্থ, ৯টি ছড়ার বই, ৭টি গবেষণা গ্রন্থ, ২টি ফিকশন ও ৭টি শিশু সাহিত্য আসে মেলায়।
এর আগের চার দিনে ২৩৮টি বই প্রকাশিত হয়। সব মিলিয়ে মোট নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৩৯২টিতে।
আলোচনা অনুষ্ঠান
বিকালে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অধ্যাপক গোলাম মুস্তাফা এতে প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক মনসুর মুসা এবং হাকিম আরিফসহ অন্যান্যরা আলোচনায় অংশ নেন।
গোলাম মুস্তাফা বলেন, ভাষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে সুনীতিকুমার বাঙালির জীবন-ইতিহাসের সামগ্রিক রূপ অনুসন্ধান করেছেন, কিন্তু তাতে তৃপ্ত না হয়ে তিনি সমগ্র ভারতের জীবন ও সংস্কৃতিকে অধ্যয়ন ও আস্বাদন করেছেন। মানুষের সৃজনশীলতার সব প্রচেষ্টাকেই তিনি উপলব্ধি ও উপভোগ করতে চেয়েছেন।
একই মঞ্চে সন্ধ্যায় সাংস্কৃতিক সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রেবেকা সুলতানা, মাহমুদুজ্জামান বাবু, হায়দার হোসেন, সন্দীপন দাস, বদরুন্নেসা ডালিয়া, শ্যামা সরকার এবং ফারহানা শিরিন। যন্ত্রাণুষঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ পাল (তবলা), হাসান আলী (বাঁশি), ইবনে খালদুন রাজন (কী-বোর্ড), রিচার্ড কিশোর (গীটার) ও মো. ফারুক (প্যাড)।
শুক্রবার শিশু প্রহরে চিত্রাঙ্কন
এবার মেলায় প্রথম শিশুপ্রহর আসছে শুক্রবার। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করেছে বাংলা একাডেমি। এই সময়ে গুরুত্ব পাবে শিশুরা।
অমর একুশে পালনে সকাল ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উদ্বোধন করবেন শিল্পী হাশেম খান।
