২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন, যিনি অবরোধের মধ্যে শাহবাগে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 10:43 AM

Updated : 12 Oct 2022, 03:12 PM

পুরনো খবর:

মতিঝিলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি নড়াইলের কাউন্সিলর
ঢাকায় পুলিশের বাসে পেট্রোলবোমা হামলা

মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার ভোররাতে খিঁলগাওয়ের জোড়াপুকুর মাঠে ‘বন্দুকযুদ্ধে’ নুরুজ্জামান জনি (৩০) নিহত হন।

“এই জনিই গত শনিবার রাতে মৎস্য ভবনের সামনে পুলিশের গাড়িতে বোমা নিক্ষেপ করেছিলেন,” বলেন তিনি।

জনি খিলগাঁ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে তার বাবা ইয়াকুব আলী জানিয়েছেন।

আগের রাতে মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজার এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ ইমরুল কায়েস (৩৮) নামে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হন। নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি।

উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে খিলগাঁওয়ের ওই বালুর মাঠে অভিযানে গেলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে জনি আহত হন।

তাকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি, ছয়টি হাতবোমা ও একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ।

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত শনিবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও মৎস্য ভবনের মাঝামাঝি স্থানে পুলিশের একটি বাসে পেট্রোল বোমা হামলায় এক কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।