মতিঝিলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি নড়াইলের কাউন্সিলর
রাজধানীর মতিঝিলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে।
ইমরুল কায়েস (৩৮) নামের ওই ব্যক্তি নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় জামায়াত নেতা।
তিনি নড়াইল পৌরসভার ডুমুরতলা ঈদগাহপাড়ার মো. আনোয়ার হোসেন মোল্যার ছেলে।
কায়েসের বিরুদ্ধে নড়াইল থানায় আটটি মামলা রয়েছে বলে সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান জানান।
সোমবার ভোর রাত ৩টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ইমরুল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, একদল নাশকতাকারীর অবস্থান করার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করেছে বলেও জাহাঙ্গীর হোসেন জানান।
নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে আমার স্বামী ঢাকায় বেড়াতে যান। গত শুক্রবার রাত ৮টার দিকে তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এর কিছু সময় পরে তাকে আবাও ফোন দিলে একজন অপরিচিত লোক ফোন ধরেন। সে সময় হট্টগোলের শব্দ পাই। এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।”
জান্নাতুল ফেরদৌস বলেন, সোমবার দুপুরে তার স্বামীর ফোন থেকে অপরিচিত একজন ফোন করে তার মৃত্যুর খবর জানায় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ নিয়ে যেতে বলে।
২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইলে পুলিশের উপর হামলার ঘটনায় কায়েসকে আসামি করার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জান্নাতুলের দাবি।
তিনি অভিযোগ করেন,“পুলিশ মিথ্যা অভিযোগে আমার স্বামীকে হত্যা করেছে।”
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, ইমরুল কায়েসের স্ত্রীর বড় ভাই অ্যাডভোকেট জাহিদুর রহমান বিকালে মর্গে এসে লাশ সনাক্ত করেন।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এস আই ফিরোজ আলম জানান, ইমরুল কায়েসের শরীরে গুলির ১৯টি ছিদ্র ছিল।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান নিপুর উপস্থিতিতে লাশের ময়নাতদন্ত হয়।
নড়াইল সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুনেছি ইমরুল কায়েস ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। তার বিরুদ্ধে নড়াইলে পুলিশের উপর হামলাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।”
এদিকে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে দাবি করেছে, ইমরুল কায়েসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইমরুল কায়েস উচ্চ আদালত থেকে মামলার জামিন নেওয়ার জন্য কয়েকদিন আগে ঢাকায় আসেন। তিনি তার এক স্বজনের বাসায় অবস্থান করছিলেন। শনিবার ডিবি পুলিশ তাকে ওই বাসা থেকে তুলে নিয়ে যায়।
