রিয়াজ রহমান নিবিড় পর্যবেক্ষণে
অবরোধের মধ্যে দুর্বৃত্তের হামলায় আহত রিয়াজ রহমানের গুলির ক্ষতচিহ্ন পরিচর্যার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচার কক্ষ থেকে বুধবার সন্ধ্যায় তাকে পোস্ট অপারেটিভ কক্ষে নেওয়ার পর স্বজন ও দলীয় কয়েকজন নেতা তাকে দেখে এসেছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে ইতোমধ্যে চিকিৎসকরা জানিয়েছেন।
মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আসার পর গুলশানে দুর্বৃত্তের হামলার মুখে পড়েন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান।
তার ওপর হামলার জন্য সরকারকে দায়ী করে ইতোমধ্যে বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ দাবি করেছে, নিজের দলের নাশকতার স্বীকার এই বিএনপি নেতা।
সাবেক কূটনীতিক রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
হামলাকারী কাউকে এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ। রিয়াজ রহমানের পরিবার রাজি না হওয়ায় পুলিশ বাদী হয়ে এই ঘটনায় একটি মামলা করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ রহমানকে দুপুর আড়াইটায় এইচডিইউ কক্ষ থেকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সেখান থেকে বের করা হয় তাকে।
অস্ত্রোপচার কক্ষে নেওয়ার পর ইউনাইটেড হাসপাতালের ক্লিনিক্যাল অপারেশন বিভাগের পরিচালক দবির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে তার পা ও কোমরের চারটি ক্ষত ভালোভাবে পর্যবেক্ষণ করে অ্যান্টিবায়োটিক দিয়ে পরিষ্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট অপারেটিভ কক্ষে আনার পর রিয়াজকে দেখে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, “রিয়াজ রহমান সাহেব এখনও শঙ্কামুক্ত নন। তিনি এখনো অজ্ঞান অবস্থায় আছেন। কারণ অস্ত্রোপচারের সময় তাকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়েছিল, যার প্রভাব এখনও কাটেনি।”
রিয়াজ রহমানের জামাতা আরসালান কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাক্তারা বলেছেন, তাকে তিন সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। উনার অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন। তার আশু আরোগ্য কামনায় আমাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই।”
রিয়াজ রহমানের পাশে আছেন তার স্ত্রী নার্গিস রহমান, মেয়ে আমিনা রহমান ও ছোট ভাই ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।
মওদুদ বলেন, “চিকিৎসকদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, বুলেট এক স্থান দিয়ে প্রবেশ করে অন্য জায়গা দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু বুলেট যে জায়গা দিয়ে ঢুকে বেরিয়ে গেছে, সেসব জায়গায় মারাত্মক জখম হয়েছে।”
রিয়াজ রহমানকে যেখানে গুলি করা হয়, সেখানে যে গুলির খোসা পাওয়া গেছে, তা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তলের গুলির বলে এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
রিয়াজ রহমানের শারীরিক অবস্থা তুলে ধরে ডা. দবির উদ্দিন আহমেদ সকালে সাংবাদিকদের বলেন, তার কোমরের বাঁ দিকে পেছনে দুটি ও বাঁ হাটুর নিচের দিকে দুটি ক্ষত রয়েছে।
গুলি ঢোকার প্রতিটি স্থানে দেড় সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে এবং সেখানটা পুড়ে কালো হয়ে গেছে। আর গুলি বেরোনোর জায়গায় দুই সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে।
সিটি স্ক্যান ও এমআরআই প্রতিবেদনে কোনো ধাতব (মেটালিক) বস্তু দেখা যায়নি জানিয়ে ডা. দবির বলেন, “তবে নরম ও স্নায়ু পেশীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রিয়াজ রহমানের বাঁ পায়ের গোড়ালি ফোলা ও ফুট ড্রপ দেখা গেছে। তার বাঁ পায়ের অনুভূতি কম, তিনি পা নাড়াচড়া করতে পারছেন না।”
সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, মুশফিকুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিএম শফি সামি, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদসহ সাবেক কয়েকজন কূটনীতিক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রিয়াজ রহমানকে দেখতে হাসপাতালে যান।
তার আগে রিয়াজকে দেখতে যান ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, সাবেক অর্থ উপদেষ্টা এম সাইদুজ্জামান, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক আহমেদ চৌধুরী, ফারুক সোবহান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী।
মাহবুবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “রিয়াজ রহমানের মতো একজন কূটনীতিকের ওপর এভাবে হামলার ঘটনায় বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। এটা কোনোভাবে কাম্য নয়। আমরা এরকম ঘটনায় উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।”
