খালেদার ‘নীলনকশায়’ রিয়াজের ওপর হামলা: হানিফ
অবরোধের মধ্যে রিয়াজ রহমানের ওপর হামলার জন্য তার দল বিএনপিকেই দায়ী করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবারের এই হামলার জন্য ‘সরকারি উসকানি’কে দায়ী করে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, এই ঘটনা খালেদা জিয়ার ‘নীলনকশার’ অংশ।
“আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা করে, গাড়ি পুড়িয়ে, মানুষ মেরে, সরকারি-বেসরকারি স্থাপনা ধ্বংস করেও কিছু না করতে পারায় এখন নিজ দলের নেতাদের ওপর হামলা চালাচ্ছেন। রিয়াজ রহমানের ওপর হামলা তারই নীলনকশার একটি অংশ।”
বুধবার ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন হানিফ। তার সঙ্গে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।
বিএনপি জোটের চলমান অবরোধের মধ্যে মঙ্গলবার রাতে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর তার উপদেষ্টা রিয়াজকে গুলি চালানোর পাশাপাশি তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
আহত রিয়াজ রহমান
এজন্য ক্ষমতাসীনদের দায়ী করে খালেদা জিয়া বলেন, সরকারের উচ্চ পর্যায়ের উসকানিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজের ওপর হামলা হয়েছে।
অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো, ভাংচুর ও বোমাবাজি হচ্ছে, যার জন্য বিরোধী জোটকে দায়ী করে আসছে আওয়ামী লীগ।
হানিফ বলেন, “৫ জানুয়ারি নির্বাচনে না গিয়ে খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে তিনি এখন বেশি বিচলিত হয়ে গেছেন। কারণ এ উন্নয়নের ধারা আরও চার-পাঁচ বছর চললে দেশের মানুষ বিএনপি নামক দলকে ভুলে যাবে।”
এজন্যই বিএনপি নেত্রী ‘খুনের রাজনীতি’ শুরু করেছেন দাবি করে তিনি বলেন, “খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠছেন। খালেদা জিয়াকে অনুরোধ করব, হত্যা ষড়যন্ত্রের এ নীলনকশা বন্ধ করুন। তা না হলে জাতি আপনাকে কোনো দিনই ক্ষমা করবে না।”
বিএনপি নেতাকর্মীদের তাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন আওয়ামী লীগ নেতা।
“খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য কালনাগিনী হয়ে উঠেছেন। তিনি যে কোনো সময় যে কাউকেই ছোবল মারতে পারেন। সুতরাং বিএনপি নেতারা সতর্ক হয়ে যান। মা-ছেলে (খালেদা-তারেক) দেশকে বিচ্ছিন্ন করে দিতে অবরোধ দিয়েছিলেন। কিন্তু সেটি ব্যর্থ হয়ে যাওয়া খালেদা জিয়া ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন শুরু করেছেন।”
