২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের উসকানিতে রিয়াজের ওপর হামলা: খালেদা 

বিএনপি নেতা রিয়াজ রহমানকে গুলির নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের উসকানিতে এই হামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 10:24 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

খালেদার উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি, গাড়িতে আগুন
এই সন্ত্রাসীদের রুখে দিন: প্রধানমন্ত্রী

মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার পথে গুলশান ২ নম্বর গোল চত্বরের কাছে গুলি চালানোর পর পুড়িয়ে দেওয়া হয় রিয়াজ রহমানের গাড়ি।

এই হামলার নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন এক বিবৃতিতে বলেন, “রাতে আমাকে অবরুদ্ধ অবস্থায় দেখে বাড়ি ফেরার পথে পুলিশ বেষ্টনির অদূরে রিয়াজ রহমানের ওপর এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়। এই ন্যক্কারজনক ঘটনায় আমি যুগপৎ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। এই হামলা ও প্রাণনাশের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদের কোনো ভাষা নেই।”

“সরকারি উচ্চ মহল থেকে উসকানিমূলক বক্তব্যের পরই রিয়াজ রহমান এই ধরনের সন্ত্রাসী হামলার শিকার হলেন,” প্রধানমন্ত্রীর আগের দিনের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন খালেদা।

সোমবার ঢাকায় এক সমাবেশে বক্তব্যে শেখ হাসিনা অবরোধে নাশকতার জন্য বিরোধী জোটকে দায়ী করে তাদের প্রতিরোধ করতে জনগণের প্রতি আহ্বান জানান।

গত ৫ জানুয়ারি খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকে ঢাকায় এই পর্যন্ত অর্ধশত গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ নেতাদের দাবি, এই আগুন দিচ্ছে অবরোধকারীরা। অন্যদিকে বিএনপির দাবি, এই নাশকতা সরকার ঘটিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।

সরকারকে হুঁশিয়ার করে বিএনপি চেয়ারপারসন বলেন, “এভাবে বিরোধী দলের ওপর নগ্ন হামলা চালিয়ে শেষ রক্ষা হবে না।”

বিবৃতিতে খালেদা জিয়া তার উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমানের আশু সুস্থতা কামনা করেন।

গুলিতে আহত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।