২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি, গাড়িতে আগুন

অবরোধের মধ্যে গুলশানে গুলি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে, জ্বালিয়ে দেওয়া হয়েছে তার গাড়ি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 09:15 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

সরকারের উসকানিতে রিয়াজের ওপর হামলা: খালেদা 
অবরোধের ‘অতিরিক্ত’ হরতাল
খালেদার উপদেষ্টার গাড়িতে আগুন

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কার্যালয়ে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার পথে গুলশান ২ নম্বরের কাছে হামলার মুখে পড়েন সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

গুলিবিদ্ধ রিয়াজ রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত বলে গভীর রাতে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

রিয়াজ রহমানকে গুলির প্রতিবাদে অবরোধের মধ্যেই বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। খালেদা জিয়া বলেছেন, সরকারের উসকানিতেই রিয়াজের ওপর এই হামলা হয়েছে।

রিয়াজ রহমানের মেয়ে আমিনা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমার বাবাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।”

রাজধানীর অভিজাত এলাকায় খালেদা জিয়ার কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তার মধ্যে কারা এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে, বলেছে পুলিশ।

রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বর গোল চত্বরের কাছে একটি প্রাইভেটকার জ্বলতে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম জানান, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে।

এর পরক্ষণেই বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানান, ওই গাড়িটি রিয়াজ রহমানের এবং গাড়ি পোড়ানোর আগে তাকে গুলিও করা হয়েছে।

“দুর্বৃত্তরা গাড়ি পোড়ানোর পাশাপাশি গুলিও ছোড়ে। আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন রিয়াজ রহমান।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ইউনাইটেড হাসপাতালে যোগাযোগ করা হলে জানানো হয়, কোমর ও পায়ে গুলিবিদ্ধ বিএনপি নেতাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার দেহে চারটি গুলি লেগেছে। উনার বেশ রক্তক্ষরণ হয়েছে, অবস্থা আশঙ্কামুক্ত বলতে পারছি না আমরা।”

জরুরি বিভাগ থেকে রিয়াজ রহমানকে তখন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়েছিল।

পরে হাসপাতালের পরিচালক (ক্লিনিকাল অপারেশন) ডা. দবির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি নেতা অনেকটাই আশঙ্কামুক্ত। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রিয়াজের ক্ষতচিহ্নগুলো বাম পা থেকে বাম পাশের কোমর পর্যন্ত জানিয়ে তিনি বলেন, তিনি বাম পায়ের গোড়ালি নাড়াতে পারছেন না।    

রিয়াজের ক্ষতের ধরন গুলিবিদ্ধ হওয়ার ইঙ্গিত দিচ্ছে জানালেও তা কি বুলেট, না অন্য কিছু, তা নিশ্চিত করতে পারেননি এই চিকিৎসক।

হামলার পর সাবেক কূটনীতিক রিয়াজ বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বলে ডা. দবির জানান।

রাতে স্বামীর সঙ্গে দেখা করে রিয়াজ রহমানের স্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করছি, তিনি শঙ্কামুক্ত।”

পেশাদার কূটনীতিক থেকে রাজনীতিতে আসা রিয়াজ রহমান নব্বই দশকের শুরুতে খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের প্রথম মেয়াদে পররাষ্ট্র সচিব ছিলেন।

সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির ২০০২-০৬ শাসনামলে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান রিয়াজ রহমান। এর কয়েকবছর পরই প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন তিনি।

জেনারেল জিয়াউর রহমানের সরকারের উপদেষ্টা আমিনা রহমানের ছেলে রিয়াজ রহমান আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির সমর্থন আদায়ের চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

প্রথমে ভাংচুর, পরে গুলি

রিয়াজ রহমানের স্বজনরা জানিয়েছেন, হামলাকারীরা প্রথমে গাড়ি ভাংচুর করে, বেরিয়ে এলে তাকে গুলি করা হয়। এরপর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় গাড়িটি।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রিয়াজ রহমান রাত ৮টায় পুলিশঘেরা বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে ঢোকেন। সাড়ে ৮টার পরপরই তিনি বেরিয়ে আসেন। এর কিছুক্ষণের মধ্যে তার গাড়িতে অগ্নিসংযোগ এবং গুলি ছোড়ার খবর আসে।

রিয়াজের পুড়ে যাওয়া গাড়িটি ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে নেয়। ঘটনাস্থল বেশ কিছু সময় পুলিশ ঘিরে রাখে। সেখানে র‌্যাব-বিজিবির গাড়ির টহলও দেখা গেছে।

Image
পুড়ছে রিয়াজ রহমানের গাড়ি

পুড়ছে রিয়াজ রহমানের গাড়ি

রিয়াজ রহমানের গাড়িচালকের উদ্ধৃতি দিয়ে তার মেয়ে আমিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন মোটর সাইকেল আরোহী প্রথমে গাড়ির গতিরোধ করে এবং কিছু একটা দিয়ে গাড়ির পেছনের গ্লাস ভাঙে। এরপর পেট্রোল ঢেলে আগুন ধরিয় দেয়। এসময় তার বাবা গাড়ি থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।”

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন।

“গুলির শব্দ শুনে সেখানে গিয়ে একটি গাড়ি জ্বলতে দেখি। পরে একজন জানায়, গুলিবিদ্ধ হয়ে পাশে একজন আছেন। পরে সেখানে গিয়ে রিয়াজ রহমানকে একটি চেয়ারে বসে থাকতে দেখি।”

এরপর রক্তাক্ত রিয়াজকে পুলিশের একটি গাড়িতে করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় বলে জানান ওসি।

তিনি বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি (রিয়াজ রহমান) আমাকে বলেছেন, তিনি তিনজন হামলাকারীকে দেখেছেন। তারা গাড়ি ভাংচুর শুরু করলে তিনি গাড়ি থেকে বের হলে তাকে গুলি করা হয়।”

আমিনার স্বামী আরছেলান কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলার পর গাড়িচালক প্রথমেই তাকে টেলিফোন করে এবং গুলি ও গাড়িতে আগুনের খবর জানায়।

“তার কাছে আমি প্রথমে আমার শ্বশুরের খবর নিই এবং তাকে বাসায় চলে আসতে বলি।”

ইউনাইটেড হাসপাতালেই বেশ কয়েকদিন ধরে ভর্তি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। খবর পেয়ে রিয়াজের কাছে আসেন তিনি।

নজরুল সাংবাদিকদের বলেন, “কারা এই হামলা চালিয়েছে, তা সরকারকেই বের করতে হবে।

“তাকে কারা গুলি করতে পারে, সেটা সবাই জানে। কেননা এই এলাকাটি এখন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রযেছে।”

ওসি বলেন, ঘটনার পরপরই অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে নেমেছে।

সাবিহউদ্দিনের পর রিয়াজ

অবরোধের অষ্টম দিনে রিয়াজ রহমানের গাড়িতে আগুন দেওয়ার দুদিন আগে বিএনপি চেয়ারপারসনের আরও একজন উপদেষ্টার গাড়িতে আগুন দেওয়া হয়। তিনি হলেন সাবিহউদ্দিন আহমেদ, তিনিও অবসরপ্রাপ্ত কূটনীতিক।

খালেদার গুলশানের কার্যালয়ের সামনে পুলিশের অবস্থানের মধ্যেই গত শনিবার তার গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তিনি কার্যালয়ের কাছে পুলিশ ব্যারিকেডের কাছে গাড়ি রেখে দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

গত ৫ জানুয়ারি খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকে ঢাকায় এই পর্যন্ত অর্ধশত গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ নেতাদের দাবি, এই আগুন দিচ্ছে অবরোধকারীরা। অন্যদিকে বিএনপির দাবি, এই নাশকতা সরকার ঘটিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।

অবরোধের অষ্টম দিন মঙ্গলবার রিয়াজ রহমানেরটি ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে একটি লেগুনায় আগুন দেওয়া হয়। ওই সময় ওই সড়কে অবরোধের সমর্থনে একটি মিছিল দেখা গিয়েছিল।

মোহাম্মদপুরে, খিলগাঁও রেলক্রসিং এলাকা ও মিরপুর স্টেডিয়ামের সামনে সন্ধ্যার আগে একটি করে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মতিঝিলে একটি ট্যাক্সিক্যাবে আগুন দেওয়া হয়।

এছাড়াও রাত ৮টার দিকে বনানীর কামাল আতাতুর্ক রোডের মোড়ে রফরফ পরিবহনের একটি বাস, রাত সাড়ে ৯টার দিকে রামপুরার আবুল হোটেলের সামনে একটি অনাবিল পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।