অবরোধের ‘অতিরিক্ত’ হরতাল
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি চালানোর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে ২০ দল।
মঙ্গলবার রাতে গুলশানে সাবেক প্রতিমন্ত্রী রিয়াজকে গুলি চালিয়ে তার গাড়ি পুড়িয়ে দেওয়ার পর বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলমানের অবরোধের অতিরিক্ত হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালনের জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকে অবরোধ চলছে দেশজুড়ে, এর মধ্যেই বিভিন্ন জেলায় স্থানীয় বিএনপি নেতা গ্রেপ্তোরের প্রতিবাদে হরতালও ডাকছে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলের ডাকা অবরোধ চলছে গত ১২ দিন ধরে। অবরোধের মধ্যে বিক্ষিপ্ত বোমাবাজি, গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরের পর ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এক অনুষ্ঠানে হাতবোমা বিস্ফোরণের পর রাতে বিএনপি নেতা রিয়াজ রহমানকে গুলি চালিয়ে তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
গত ৫ জানুয়ারি খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকে ঢাকায় এই পর্যন্ত অর্ধশত গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতাদের দাবি, এই আগুন দিচ্ছে অবরোধকারীরা। অন্যদিকে বিএনপির দাবি, এই নাশকতা সরকার ঘটিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।
নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবি ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রত্যাখান করে আসায় বিএনপির স্থায়ী কমিটি মঙ্গলবার এক বিবৃতিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায়।
