কষ্ট করে ধৈর্য ধরে অবরোধ চালিয়ে যান: বিএনপি
অবরোধের জন্য জনদুর্ভোগের কথা স্বীকার করেই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক বিবৃতিতে আওয়ামী লীগ সরকারকে হটাতে চলমান আন্দোলনে শামিল হতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
গুলশানে নিজের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের মাধ্যমে এই বিবৃতিটি পাঠানো হয়।
গত ৩ জানুয়ারি থেকে দলীয় কার্যালয়ে থাকা খালেদার সঙ্গে দেখা করে এসে দুদিন আগেই স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকার সংলাপ ডাকলে অবরোধ তুলে নেওয়া হবে।
সোমবার দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করে বেরিয়ে সেলিমা রহমানের মতোই বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ইঙ্গিত দেন, ঢাকায় সমাবেশের অনুমতি দেওয়া হলে অবরোধ তোলা হবে।
তবে মঙ্গলবার খালেদা নেতৃত্বাধীন স্থায়ী কমিটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
“এবারের আন্দোলন শুধু বিএনপি বা ২০ দলের নয়। এটি গণতন্ত্রকামী প্রতিটি দল ও শক্তিসহ দেশবাসীর। এই আন্দোলন কাঙ্ক্ষিত ও যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত চলবে।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপির চেয়াপারসন খালেদা ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচিতে যোগ দিতে বাধা পেয়ে লাগাতার অবরোধের ডাক দেন।
বিক্ষিপ্ত বোমাবাজি, গাড়ি পোড়ানো এবং ভাংচুরের মধ্য দিয়ে অবরোধের দ্বাদশ দিন পেরিয়েছে। সহিংসতায় নিহত হয়েছেন কয়েকজন, বাণিজ্যিক ক্ষতিতে উদ্বেগ জানিয়ে আসছেন ব্যবসায়ীরা।
জনদুর্ভোগের কথা স্বীকার করে দুই পৃষ্ঠার ওই বিবৃতিতে বলা হয়, “মানুষের কষ্ট, দুর্ভোগ ও ক্ষয়ক্ষতিতে আমরা সম্পূর্ণ সহানুভূতিশীল ও সজাগ।
“কিন্তু ক্ষমতাসীনরা যেভাবে রক্ত ঝরিয়েছে, গুম করেছে, জাতীয় অর্থনীতির বিনাশ করেছে, মানুষকে নির্যাতন ও অপমান করেছে, তার অবসান কল্পে ধৈর্য় ধরে সাময়িক কষ্ট স্বীকারের জন্য আমরা দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।”
বিএনপি দাবি জানিয়ে এলেও নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম মঙ্গলবারও বলেছেন, যদি বিএনপি সংলাপ চায়ও, তাহলে তাদের জামায়াতে ইসলামীর সঙ্গ ছেড়ে আসতে হবে।
বিএনপির স্থায়ী কমিটি বলেছে, “শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে উদ্ধত শাসকদের অস্ত্রের ভাষা ও ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসী যত দ্রুত ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবেন, জনগণের বিজয় ততই ত্বরান্বিত হবে বলে আমরা দৃঢ়ভাবে আস্থাশীল।”
বিরোধী জোটের অবরোধে নাশকতা প্রতিরোধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান সোমবারই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে বিএনপির স্থায়ী কমিটির দাবি, সরকারই নাশকতার ঘটনা ঘটিয়ে তার দায় বিরোধী জোটের ওপর চাপাতে চাইছে।
“ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা সন্ত্রাস, নাশকতা, অন্তর্ঘাত সৃষ্টির পাশাপাশি অপপ্রচার জোরদার করেছে। সরকার সমর্থক সন্ত্রাসীরা দলের সিনিয়র নেতাদের বাসা, অফিসে বোমা হামলা ও গুলিবর্ষণ করছে।”
অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানোর পাশাপাশি মঙ্গলবার ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এক অনুষ্ঠানের মঞ্চের পাশেই বোমার বিস্ফোরণ ঘটে। রাতে গুলি কর হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে।
ক্ষমতাসীনরা গণমাধ্যমের ওপরও হস্তক্ষেপ করছে দাবি করে তারও প্রতিবাদ জানিয়েছে বিএনপির সর্বোচ্চ ফোরাম।
“বিএনপির গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ টেলিভিশন-রেডিওতে সরাসরি সম্প্রচার করতে দেওয়া হচ্ছে না। এমনকি টিভি টক শো ও বিভিন্ন অনুষ্ঠানে কেউ ক্ষমতাসীনদের অপকর্ম তুলে ধরলে বা ক্ষমতাসীনদের অপপ্রচারের জবাব দিলে তাকে সাজানো মামলায় আটক করা হচ্ছে।”
গুলশানের কার্যালয়ে খালেদা জিয়াকে ‘বেআইনিভাবে’ আটক রাখা হচ্ছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।
