২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে সংকটে উত্তরের তেল পাম্প

হরতাল-অবরোধের কারণে উত্তরাঞ্চলের ১৬ জেলার কয়েকশ পাম্প মালিক তেল তেল তুলতে পারছেন না ডিপো থেকে।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 08:48 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

আগের জমা তেল থেকে সীমিত পর্যায়ে তেল বিক্রি করছেন। তবে, চাহিদামতো সবাইকে সরবরাহ করতে পারছেন না। এতে বিভিন্ন গ্রামের শ্যালো ইঞ্জিনচালিত সেচ প্রকল্পের মালিকরা ইরি-বোরো চাষের জন্য তেল পাচ্ছেন না।

এছাড়া কোনো কোনো ক্ষেত্রে তেল থাকলেও ভয়ে পাম্প মালিকরা তা বন্ধও রেখেছেন।

রাজশাহী, রংপুর বিভাগে ১৬ জেলা কৃষি নির্ভর। বর্ষাকালে বন্যায় অনেক জেলায় আমন চাষ ব্যাহত হলেও কৃষকরা সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন ইরি-বোরো চাষের মাধ্যমে। অনেকেই আগামজাতের ইরি-বোরো চাষ করে থাকে।

বিদ্যুৎ চালিত মোটর দিয়ে ইরি-বোরো চাষের সূচনা করলেও ডিজেল সংকটে বিপাকে পড়েছে শ্যালো মেশিনচালিত প্রকল্পগুলো।

টানা হরতাল-অবরোধে রাস্তায় যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অনেকেই বাঘাবাড়ী তেলডিপো থেকে তেল উত্তোলন করছেন না।

রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মমিন দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিপোগুলোতে তেলের কোনো ঘাটতি নেই। কিন্তু তেল পরিবহনে সমস্যা হচ্ছে হরতাল-অবরোধ। ঝুঁকি নিয়ে কেউ তেল আনতে সাহস পাচ্ছে না।

তিনি বলেন, বগুড়া পর্যন্ত কেউ কেউ কোনোভাবে কিছু তেল নিয়ে এলেও নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রামসহ উত্তরের অন্যান্য জেলায় তেল বহন করা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

এ কারণে বিপর্যয়ের মুখে পড়েছে রাজশাহী-রংপুর বিভাগের ১৬ জেলার প্রায় ৪শ তেল পাম্প।

পাশাপাশি গ্রামাঞ্চলের খুচরা ব্যবসায়ীরাও তেল নিতে পারছেন না। ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে যারা ইরি-বোরো চাষ করেন তারা পড়েছেন বিপাকে।

ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারের খুচরা তেল ব্যবসায়ী মামুনুর রশীদ জানান, হরতাল-অবরোধে তেল আনতে পারেননি। তাই গ্রাহকদের চাহিদামতো সরবরাহ করতে পরেছেন না।

বগুড়া ফিলিং স্টেশনের ম্যানেজার আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের মধ্যে সবাই ফিলিং স্টেশ বন্ধ রাখেন। তবে, কেউ কেউ সীমিত পর্যায়ে বিক্রি করেছেন।

হক অ্যান্ড কোং পিলিং স্টেশনের ম্যানেজার দেলোয়ার হোসেন জানান, পুলিশ পাহারায় তিনি ভয়ে ভয়ে কিছু তেল বিক্রি করেছেন।