২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে বোমা, লাফিয়ে পড়ে মৃত্যু ট্রাকচাপায়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবরোধকারীরা পেট্রোল বোমা ছোড়ার পর বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক যুবক।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 08:40 AM

Updated : 25 Apr 2022, 12:53 PM

পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়েছেন ওই বাসের এক যাত্রী, আহত হয়েছেন আরও দুই জন।

গোবিন্দগঞ্জ মহাসড়ক থানার ওসি মাসুদ পারভেজ জানান, রোববার রাত ১২টার দিকে উপজেলার কালিতলা ব্রিজের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজের (২৫) বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি রংপুরে রট আয়রনের কাজ করতেন।

ওসি মাসুদ পারভেজ জানান, রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাসটিতে অবরোধকারীরা পেট্রোল বোমা ছুড়লে তাতে আগুন ধরে যায়।

“এতে বাসের এক যাত্রীর শরীরে আগুন ধরে যায়। আতংকে কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে রাস্তায় লাফিয়ে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি মালবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান পারভেজ। আহত হন অন্য দুজন।”

দগ্ধ বাসযাত্রী রংপুরের পীরগঞ্জের আসাদুলকে (৩০) প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় রাতে বগুড়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাকি দুজনের নাম জানাতে পারেননি ওসি।

গত ৫ জানুয়ারি খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ঘটছে।

গত শুক্রবার অবরোধকারীদের ধাওয়ায় গুরুতর আহত গাইবান্ধার পলাশবাড়ীর ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন (৫০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান।