এই সন্ত্রাসীদের রুখে দিন: প্রধানমন্ত্রী
খালেদা জিয়াকে ‘সন্ত্রাস আর জঙ্গির নেত্রী’ আখ্যায়িত করে জনগণকে জঙ্গিবাদ আর সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, দেশের জনগণকে নিরাপত্তা দিতে যা যা করতে হয় তা সরকার করবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির লাগাতার অবরোধের মধ্যেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার দুপুরে এই সমাবেশের কার্যক্রম শুরু হয়।
এক বছর আগে নির্বাচনে জয়ী হয়ে এই দিনই শপথ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছিল আওয়ামী লীগ।
শেখ হাসিনা তার বক্তব্যে দেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। ৫ জানুয়ারি নির্বাচনে ভোট দিয়ে আবারো দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা এক বছর সফলতার সঙ্গে কাটিয়েছি।”
আর ওই নির্বাচনে অংশ না নেওয়া ‘রাজনৈতিক ভুল’ ছিল মন্তব্য করে বিএনপি নেতা খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, “আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আপনার দল খেসারত দেবে। বাংলার মানুষের ওপর কেন অত্যাচার করবেন? বাংলার মানুষকে কেন হত্যা করবেন?”
শেখ হাসিনা বলেন, “এবার আবার উনার ঘাড়ে ভুত চেপেছে। উনি অবরোধ ডেকেছেন। কে মানে তার অবরোধ? উনার অবরোধে জনগণ সম্পৃক্ত হয় না।
খালেদা জামায়াতকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছেন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “উনি জঙ্গিদের নেত্রী হয়েছেন। রাজনৈতিক দলের নেতা তিনি হতে পারেন নাই, তিনি সন্ত্রাসের নেত্রী, জঙ্গির নেত্রী। উনি মানুষ খুন করেন।”
বিএনপি নেত্রীকে হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, মানুষ খুন করলে সরকার তা সহ্য করবে না। জনগণ ‘খেপে গেলে’ পরিমাণ হবে ‘খুবই খারাপ’।
প্রতিটি পাড়া-মহল্লায় বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ‘ধরে’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
“জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা করবে তাদের ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে। তার জন্য যা যা দরকার আমরা করব।”
‘উনি অবরুদ্ধ নন’
গত ৩ জানুয়ারি থেকে গুলশানের কার্যায়ে পুলিশি ঘেরাওয়ের মধ্যে অবস্থান করা খালেদা জিয়া ‘অবরুদ্ধ নন’ বলেও বক্তৃতায় উল্লেখ করেন শেখ হাসিনা।
“উনি নিজে পলাবেন। আর বলবেন, উনাকে অবরুদ্ধ করে রেখেছি আমরা। উনি সারাদেশের মানুষকে অবরোধ করে রেখেছেন। অবরুদ্ধ করে রাখা হবে কেন? উনি বাড়িতে চলে যাক, কেউ উনাকে বাধা দেবে না। কিন্তু উনি ঘরে ফিরবেন না। উনি আমাদের সরকার উৎখাত করবেন।”
খালেদাকে উদ্দেশ্য করে হাসিনা বলেন, “ঘর থুয়ে অফিসে কেন- সে প্রশ্নের উত্তর কেউ জানে না। অবশ্য এটা উনার পুরনো একটা অভ্যাস। ঘর ছেড়ে পালানোর অভ্যাস নতুন কিছু নয়। উনি কথায় কথায় ঘর ছেড়ে বেরিয়ে যান।”
এরপর খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুক্ষণ বলে যান আওয়ামী লীগ সভাপতি।
“উনি যখন স্কুলে পড়তেন, তখন সিনেমায় নামতে চেয়েছিলেন। তাই তিনি দিনাজপুর থেকে ট্রেনে চড়ে রওনা হয়েছিলেন। বিহারের একটি রেলস্টেশন থেকে উনাকে ধরে নিয়ে এসে উনার বাবা-মার কাছে ফেরৎ দেয়া হয়েছিল।”
শেখ হাসিনা বলেন, পাকিস্তান আমলে সেনা অফিসার জিয়াউর রহমানের সঙ্গেও খালেদা জিয়া ‘ভেগে’ গিয়েছিলেন।
“কি বলব দুঃখের কথা, বিএনপির নেত্রী জিয়ার সঙ্গে ভেগে ময়মনসিংহ চলে গিয়েছিলেন। তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আতাউর রহমান খান সাহেব তখন মুখ্যমন্ত্রী। যাই হোক, সেখান থেকে তাকে উদ্ধার করে বাবা-মার কাছে ফেরত দিতে আমাদের আওয়ামী লীগের নেতারাই সহযোগিতা করেছিলেন।”
১৯৭১ সালে ‘গেরিলাদের’ সঙ্গে না গিয়ে খালেদা জিয়া ‘সেনানিবাসে’ চলে গিয়েছিলেন বলেও উল্লেখ করেন হাসিনা।
“যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা খালেদা জিয়াকে মুক্ত এলাকায় নিয়ে যেতে গেরিলা পাঠিয়েছিলেন। খালেদ মোশাররফ, মঞ্জু, হায়দার তাদের ওয়াইফরা চলে গেলেও তিনি যাননি। তিনি পরের দিন যাবেন বলে জানান। কিন্তু পরের দিন তিনি আসলাম বেগের তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে চলে গেলেন।”
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, “৮৬ সালে আমরা একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নেই। কিন্তু তখনো হঠাৎ করে নিখোঁজ হয়ে আন্ডারগ্রাউন্ডে গেলেন। সেপাই জনতার বিপ্লবের ডাক দিয়ে উনি পলাতক হয়ে গেলেন। তিন দিনের দিন উনি কোর্টে গিয়ে বললেন, এরশাদ নাকি তাকে হাইজ্যাক করেছিল, গ্রেপ্তার করেছিল।”
২০০৯ সালে বিডিআর বিদ্রোহের কয়েক ঘণ্টা আগেও খালেদা ক্যান্টনমেন্টের বাসা ছেড়ে ‘সরে পড়েছিলেন’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “একটা ষড়যন্ত্র পাকিয়েই উনি পালান, আন্ডারগ্রাউণ্ডে চলে যান।”
আওয়ামী লীগ সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের সমালোচনা ফিরে ফিরে এসেছে।
খালেদাকে ‘দুর্নীতির রানী’ বলার পাশাপাশি তারেককে তার ‘কুলাঙ্গার পুত্র’ আখ্যায়িত করেন শেখ হাসিনা।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে তারেকের যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মুচলেকা দিয়ে চলে গেছে, কোনোদিন রাজনীতি করবে না; মানি লন্ডারিং করেছে, এই দেশে দুর্নীতির আখড়া করেছিল। আর এখন?
“বিদেশে বসে থেকে দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালান। যেমন মা তেমন বেটা। দুজন আজ এক হয়ে দেশের মধ্যে জঙ্গিবাদি কর্মকাণ্ড চালাচ্ছে।”
শেখ হাসিনা বলেন, বিএনপি ‘কোনওদিনও’ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে ‘বিশ্বাস করেনি’।
“যে শক্তিকে যুদ্ধ করে আমরা পরাজিত করেছি সেই পরাজিত শক্তির পদলেহন করাই হচ্ছে তাদের চরিত্র।”
‘সফল’ এক বছর
প্রধানমন্ত্রী তার বক্তব্যের ফাঁকে ফাঁকে গত এক বছরে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, অবকাঠামোসহ বিভিন্ন খাতের উন্নয়ন ও সরকারের সাফল্যের বিষয়গুলো তুলে ধরেন।
তিনি বলেন, “আজকে মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে। বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করেছে আওয়ামী লীগ সরকার।
“দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবিলা করে সারা বিশ্বে যে পাঁচটি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তার অন্যতম।”
গত পাঁচ বছরে গড়ে ছয় দশমিক দুই শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি ছয় দশমিক এক শতাংশে নামিয়ে আনার বিষয়টি বক্তব্যে তুলে ধরেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় এবং নির্বাচনে এলে ‘ভরাডুবি হতো’ বুঝতে পেরে বিএনপি গত বছর ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে নাশকতা চালিয়েছে।
“তাই ওই নির্বাচন প্রতিহত করতে মানুষকে পুড়িয়ে হত্যা, মসজিদে আগুন দেওয়া, চলন্ত গাড়িতে আগুন দেওয়া, স্কুল পোড়ানোসহ নানা ধরনের নাশকতা করেছে।”
শেখ হাসিনা দাবি করেন, তার সময়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।
এ প্রসঙ্গে কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার-পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধির বিজয়ী হওয়ার কথাও প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন।
“এই নির্বাচন (৫ই জানুয়ারির) যদি আন্তর্জাতিক স্বীকৃতি না পেত, এই নির্বাচন যদি বৈধ না হয়, তাহলে নিশ্চয়ই বিশ্বের এতগুলো পার্লামেন্টের ভোট বাংলাদেশ পেত না।
১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের কথা স্মরণ করে তার মেয়ে শেখ হাসিনা বলেন, “ওই ভাষণের মধ্য দিয়ে গেরিলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা থেকে শুরু করে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। ওই ভাষণের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ কীভাবে চলবে, কীভাবে অগ্রসর হবে, আর্থ-সামাজিক অগ্রগতি কীভাবে হবে তার দিক-নির্দেশনা জাতির পিতা দিয়েছিলেন।”
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে শেখ হাসিনা ছাড়াও দলের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সমাবেশে বক্তব্য দেন।
