২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার গুপ্তঘাতক নামিয়েছে: বিএনপি

বিরোধী নেতাকর্মী ‘হত্যা করতে’ সরকার পাড়া-মহল্লায় ‘গুপ্তঘাতক’ নামিয়েছে অভিযোগ তুলে রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ‘ওই গুপ্তবাহিনীর’ হামলার শিকার হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 05:49 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বুধবার এক বিবৃতিতে বলেন, “জনগণের তুমুল আন্দোলনের চাপে শেষ বিষাক্ত ছোবল দেওয়ার জন্যই গুপ্তবাহিনী নিয়ে সরকার বিভিন্ন স্থানে কমিটি গঠন করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করার জন্য তারা গুপ্তঘাতকদের নামিয়ে দিয়েছে পাড়া-মহল্লায়।”

বিএনপির অবরোধের মধ্যে নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সারাদেশে পাড়া-মহল্লায় কমিটি গঠনের ঘোষণা দেওয়ার পর রিজভীর এমন ইংগিত।  

মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে দেখা করে ফেরার পথে গুলিতে আহত হন বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান।

খালেদা জিয়া বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উসকানিতেই তার উপদেষ্টা রিয়াজের ওপর হামলা হয়েছে।  

বিবৃতিতে রিজভী বলেন, “অবৈধ সরকার দ্বিতীয় পর্যায়ের বাকশালী দুঃশাসনের চরম সীমায় উপনীত হয়েছে। সকল বিরোধী মত ও দলকে নিশ্চিহ্ন করে শতকরা ৫ ভাগ ভোট পেয়ে অবৈধ শাসনকে টিকিয়ে রাখার জন্য তারা দেশব্যাপী রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কর্মসূচিতে লিপ্ত হয়েছে।’’

রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল সফল করারও আহবান জানান তিনি।

রিজভী বলেন, “দেশনেত্রীকে অবরুদ্ধ করে রাখাসহ অশ্লীল কথাবার্তা যারা বলছেন, তারা জনগণের ক্রোধ থেকে কখনোই রেহাই পাবেন না।’’

অবরোধ কর্মসূচি চলবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “আমরা বলতে চাই, অবৈধ সরকারকে রক্ষায় যারা জনগণের আন্দোলনের ওপর দমনপীড়ন চালাচ্ছে, তারা কেউই রেহাই পাবেন না। দেশের মানুষ তাদের বিচার নিশ্চিত করবেই।”