রিয়াজের ওপর হামলাকারীদের ধরা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপি নেতা রিয়াজ রহমানের ওপর হামলাকারীরা ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, “এটা সভ্য জগত। একটা ঘটনা ঘটে যাবে, আমরা কিছু করব না তা হয় না। তদন্ত করে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বিএনপি জোটের অবরোধের মধ্যে মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার পর গুলশানে তার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর গুলি চালানোর পর তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
তিনজন যুবক মোটর সাইকেলে এসে এই হামলা চালায় বলে রিয়াজ রহমান পুলিশকে জানিয়েছেন। ওই যুবকদের এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ।
বিএনপি চেয়ারপারসন এই হামলার জন্য সরকারের উসকানিকে দায়ী করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ বলেছে, এটা দেশকে অস্থিতিশীল করতে বিএনপি ষড়যন্ত্রের অংশ।
আহত রিয়াজ রহমান
হামলাকারী কারা- সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, এটা নিয়ে নানা কিছু থাকতে পারে। তদন্ত না করে এখনই আমি কিছু বলতে পারব না।”
অবরোধ ভেঙে সবাইকে স্বাভাবিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, “আমরা সব ধরনের প্রচেষ্টা নিচ্ছি। প্রধানমন্ত্রীও বলেছেন, যাদের গাড়ি পুড়ে যাবে তাদের ক্ষতিপূরণ দেবেন। এর উদ্দেশ্য একটাই, কেউ যেন ভয় না পায়। সবাই যেন বেরিয়ে আসে।”
রংপুরের মিঠাপুকুরে বাসে আগুন দিয়ে চারজনকে হত্যার বিষয়ে তিনি বলেন, “গাড়ি যাচ্ছে, দুর্বৃত্তরা দিচ্ছে আগুন। এটা তো চোরাগোপ্তা হামলা হচ্ছে।”
প্রতিমন্ত্রী দাবি করেন, অবরোধের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহীর মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)
“শুধু বৃহত্তর রংপুরের কয়েকটা জায়গা বিশেষ করে গাইবান্ধা, পলাশবাড়ি ও মিঠাপুকুরে এ ধরনের ঘটনা ঘটে। তবে এসবও আজ-কালের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।”
অবরোধ-হরতালের নাশকতায় প্রাণহানির ক্ষতিপূরণের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রাণের বদলে প্রাণ কি আর দিতে পারব? আহত হলে চিকিৎসার সব ব্যবস্থা করতে পারব।”
সকালে চট্টগ্রাম কোস্ট গার্ডের সদর দপ্তরে উপকূলরক্ষী বাহিনীর পূর্ব জোনের অফিসার্স মেসের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা হয় আসাদুজ্জামান খাঁনের।
এই অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মকবুল হোসেনও ছিলেন।
অনুষ্ঠানে কোস্ট গার্ড পূর্ব জোনে বিভিন্ন সময় আটক প্রায় সাড়ে ছয় লাখ ইয়াবা, সাত হাজার বোতল মদ ও বিয়ার এবং সাড়ে পাঁচ কেজি গাঁজা ধ্বংস করা হয়।
