রিয়াজের ওপর হামলা: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্বেগ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ বিবৃতিতে বলেন, “সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র স্তম্ভিত ও মর্মাহত এবং তার দ্রুত আরোগ্য কামনা করছে। গণতান্ত্রিক বাংলাদেশে এমন গর্হিত ও কাপুরুষোচিত কাজের কোনো যৌক্তিকতা নেই; রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে সহিংসতা চালানোর আমরা নিন্দা জানাই।”
হামলাকারীদের শাস্তি চেয়ে বিবৃতিতে বলা হয়, “এ ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাই।”
সব ধরনের সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, “আমরা সকল দলকে সংযত আচরণ করতে এবং সহিংসতা ও ভীতিপ্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানাই। সেইসঙ্গে স্বাধীনভাবে জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আমরা আহ্বান রাখছি।”
মঙ্গলবার রাতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার পথে গুলশানে হামলার শিকার হন তার উপদেষ্টা রিয়াজ রহমান। দুর্বৃত্তের গুলি তার পা ও কোমরে লাগে। হামলাকারীরা তার গাড়িও জ্বালিয়ে দেয়।
সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমান বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার পাশাপাশি অবরোধের মধ্যে রংপুরের মিঠাপুকুরে বাসে আগুন দিয়ে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনারও নিন্দা জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।
এক বিবৃতিতে তিনি বলেন, “আমি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে রংপুরে বাসে হামলায় হতাহতের ঘটনায় আমি দারুণভাবে মর্মাহত।”
বাংলাদেশের সব দলকে সংযম প্রদর্শন ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা ও সংঘাতের এই চক্র ভাঙতে যুক্তরাজ্য সরকার সব পক্ষকে আবারও আলোচনার পথে আসার আহ্বান জানাচ্ছে।
পেশাদার কূটনীতি থেকে রাজনীতিতে আসা রিয়াজ রহমান নব্বই দশকের শুরুতে খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের প্রথম মেয়াদে পররাষ্ট্র সচিব ছিলেন।
সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির ২০০২-০৬ শাসনামলে টেকনোক্র্যাট হিসাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এর কয়েকবছর পর একই মর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়।
জেনারেল জিয়াউর রহমানের উপদেষ্টা আমিনা রহমানের ছেলে রিয়াজ আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির পক্ষে সমর্থন আদায়ের চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
