নতুন ধরনের ইভিএম দেখবে ইসি
জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার থেকে পিছিয়ে গেলেও ‘সার্ভার সিনক্রোনাইজড ইভিএম’ নামে একটি নতুন প্রযুক্তি পরখ করে দেখতে আগ্রহী হয়েছে নির্বাচন কমিশন।
সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা নতুন এই যন্ত্র নির্বাচন কমিশনে প্রদর্শন করবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভাষক ও প্রকল্পের সুপারভাইজার সৈয়দ রেজওয়ানুল হক নাবিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসি আগে যে ইভিএম ব্যবহার করেছে, তার তুলনায় নতুন এই যন্ত্রে সুবিধা বেশি থাকবে।
সেন্ট্রাল সার্ভারে যুক্ত থাকবে বলে এ যন্ত্রে ভোটের তথ্য, ভোট দেওয়ার সময়সহ বিভিন্ন তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদ হবে। অনলাইন ও অফলাইন- দুইভাবেই তথ্যের সুরক্ষা নিশ্চিত করা যাবে।
সার্ভার সিনক্রোনাইজড ইভিএমে ভোটারদের আঙ্গুলের ছাপ ও পরিচয়পত্র সনাক্ত করারও ব্যবস্থা থাকবে বলে জানান নাবিল।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় এ প্রদর্শনী পিছিয়ে ডিসেম্বরে নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনাররা ছাড়াও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েটের আইআইসিটি বিভাগের প্রতিনিধিরা এ প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা রয়েছে।
এতোদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিভাগের তৈরি ইভিএমই নির্বাচন কমিশন ব্যবহার করেছে। ২০১০ সাল থেকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ব্যবহার করা হচ্ছে এই যন্ত্র।
তবে রাজনৈতিক বিরোধিতার মুখে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের উদ্যোগ আর এগোয়নি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এর আগেও ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে অন্তত দুটি যন্ত্র দেখেছে কমিশন। তবে সেগুলো আমলে নেওয়া হয়নি। এবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির আগ্রহেই ইসি যন্ত্রটির প্রদর্শনী দেখবে। প্রযুক্তিগত বিষয়গুলো পর্যালোচনা করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
