২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভিসিসিতে ভোটের ফল সংরক্ষণ সন্তোষজনক নয়'

ভোটের ফল সংরক্ষণ ব্যবস্থা সন্তোষজনক না হওয়ায় ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণণা যন্ত্র ভিসিসি'র প্রস্তাব নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটের ফল সংরক্ষণ ব্যবস্থা সন্তোষজনক না হওয়ায় ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণণা যন্ত্র ভিসিসি'র প্রস্তাব নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভিসিসি প্রযুক্তি দেখার পর রোববার প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, "ভিসিসি তৈরির ব্যক্তিগত উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ প্রক্রিয়া যেন অব্যাহত থাকে। বাস্তবতা বিবেচনা করে ম্যানুয়াল পদ্ধতি থেকে আরো উন্নত ডিজিটাইজড পদ্ধতি ব্যবহার করতে হবে।" ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) জন্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট কোনো পছন্দ নেই উল্লেখ করে তিনি জানান, সুলভ মূল্যের যন্ত্র ও সবার কাছে গ্রহণযোগ্য প্রযুক্তি ব্যবহারের পক্ষে ইসি। নিজের উদ্ভাবিত ভিসিসি উপস্থাপনের সময় মজিদ জানান, এই যন্ত্রে ভোট দেওয়ার পাশাপাশি ভোট গণনার কাজও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এক প্রশ্নের জবাবে এ প্রকৌশলী যন্ত্রের দুর্বলতা তুলে ধরেন- ভিসিসিতে তথ্য সংরক্ষিত থাকে তিন বছর। ব্যাটারি খুলে ফেললে তথ্য হারিয়ে যায়। এছাড়া এতে কোনো আধুনিক প্রযুক্তির মেমোরি কার্ড ব্যবহার না থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে ভোট নিতে হবে। এ বিষয়ে সিইসি বলেন, "দেশে এখনো সংঘর্ষপ্রবণ নির্বাাচন হয়। প্রতিনিয়ত মামলা হচ্ছে। ভোটের ফলের তথ্য অন্তত পাঁচ বছর বা দীর্ঘস্থায়ীভাবে না থাকলে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এ মেশিন ডিজাইন করতে হবে।" আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হলে পরবর্তীতে নির্বাচন কমিশন তা আবারো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে বলে জানান শামসুল হুদা। রোববার নির্বাচন কমিশনের কাছে ভোট কাস্টিং এ্যান্ড কাউন্টিং (ভিসিসি) মেশিনের প্রযুক্তি প্রদর্শন করেন এর উদ্ভাবক প্রকৌশলী এম এ মজিদ। মজিদ শরীয়তপুর বিজ্ঞান ক্লাবের প্রধান ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সদস্য। বিকালে ইসির সম্মেলন কক্ষে আইডিইবি'র পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই নির্বাচন কমিশনারের সামনে এ প্রযুক্তি উপস্থাপন করা হয়। এসময় আইডিইিবি'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে ইভিএম ব্যবহার করেছে। আগামীতে জাতীয় নির্বাচনের মতো বড় পরিসরে এ প্রযুক্তি ব্যবহারে রাজনৈতিক দলসহ সবার মতামত নিচ্ছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউট (আইআইসিটি) ইভিএম প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) তা সাজানোর কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮০৮ ঘ.